সাত আসনে প্রার্থী নেই বিএনপির

সাত আসনে প্রার্থী নেই বিএনপির

পাথেয় রিপোর্ট : ঋণখেলাপি, কারাদণ্ডাদেশ পাওয়াসহ নানা কারণে আসন্ন একাদশ নির্বাচনের প্রার্থিতা বাতিল করেছেন নির্বাচন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। মনোনয়নপত্র বাতিল হওয়ায় সাত জেলার সাতটি আসনে বিএনপির কোনো প্রার্থী নেই। আসনগুলো হলো বগুড়া-৭, ঢাকা-১, শেরপুর-১, জামালপুর-৪, সুনামগঞ্জ-৩, রংপুর-৫ ও মানিকগঞ্জ-২।

বগুড়া-৭ আসনে বিএনপির তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রার্থিতা বাতিল হয়েছে তার দন্ডাদেশের কারণে। ওখানে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী করা হয়েছিল গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোরশেদ মিলটনকে। তবে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে তিনি পদত্যাগ করেননি উল্লেখ করে তাঁর মনোনয়নপত্রও বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

ঢাকা-১ আসনে বিএনপির দুই প্রার্থীর মনোনয়নই বাতিল ঘোষণা করা হয়েছে। এরা হলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আশফাক ও নবাবগঞ্জ উপজেলার চেয়ারম্যান ফাহিমা হোসাইন জুবলি। এ আসনে আওয়ামী লীগের সালমান এফ রহমান ও স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির নেতা ও বর্তমান এমপি সালমা ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

শেরপুর-১ (সদর) আসনে বিএনপির তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। চারটি ব্যাংকের ঋণখেলাপির দায়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়। শফিকুল ইসলাম মাসুদ এবং ফজলুল কাদেরের মনোনয়নপত্র বাতিল হয়েছে মনোনয়নপত্রে দলীয় চিঠি সংযুক্ত না করায়।

জামালপুর-৪ আসনে বিএনপির চিঠি পাওয়া একমাত্র প্রার্থী ফরিদুল কবির তালুকদারের মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ায় সেখানে দলটির বৈধ প্রার্থী নেই। উপজেলা চেয়ারম্যান পদ থেকে যথাযথভাবে পদত্যাগ না করার কারণ দেখিয়ে তার প্রার্থিতা বাতিল হয়েছে।

মনোনয়নপত্রে নানা ত্রুটির কারণে সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী এম এ সাত্তার, রফিকুল ইসলাম খসরু ও আশরাফুল হক খোকন।

রংপুর-৫ আসনে বিএনপির মনোনীত দুই প্রার্থী মমতাজ হোসেন ও শাহ সোলায়মান ফকিরের প্রার্থিতা বাতিল হয়েছে।

মানিকগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী মঈনুল ইসলাম খানের মনোনয়নে বিএনপি মহাসচিবের স্বাক্ষরে মিল না থাকা এবং একই আসনে বিএনপির আরেক প্রার্থী সিংগাইর উপজেলা চেয়ারম্যান আবিদুর রহমান রোমানের চেয়ারম্যান পদ থেকে তার পদত্যাগপত্র গৃহীত না হওয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *