ওয়ার্ল্ড ডেস্ক ● মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়ন বন্ধে সাড়া দিতে ব্যর্থ হওয়ায় দেশটির নেত্রী অং সান সুচির ‘ফ্রিডম অব দি সিটি অব অক্সফোর্ড অ্যাওয়ার্ড’ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে শহর কর্তৃপক্ষ। গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, গত সোমবার অক্সফোর্ড সিটি কাউন্সিলের ভোটাভুটিতে সুচির সম্মাননা কেড়ে নেয়ার প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়। মিয়ানমারের গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রামের স্বীকৃতি হিসেবে ১৯৯৭ সালে তাকে ওই সম্মাননা দিয়েছিল যুক্তরাজ্যের অক্সফোর্ড সিটি কাউন্সিল।
শহর কর্তৃপক্ষের সর্বসম্মত সিদ্ধান্তে বলা হয়েছে, সহিংসতা দেখেও যারা চোখ বন্ধ রাখে, তাদের জন্য কোনো উদযাপনের আয়োজনে থাকবে না অক্সফোর্ড।
এর আগে গত অক্টোবরে অক্সফোর্ডের কাউন্সিলররা ভোটাভুটির মাধ্যমে সুচির সম্মাননা প্রত্যাহারের প্রশ্নে আলোচনায় সম্মত হন। গত সোমবার চূড়ান্ত ভোটাভুটির মাধ্যমে প্রস্তাবটি পাস করা হয়।
অক্সফোর্ডে যখন এই ভোটাভুটি চলছে, সেই একই দিনে মিয়ানমার সফররত পোপ ফ্রান্সিসের কাছে দেশটির সেনাপ্রধান দাবি করেছেন, তার দেশে কোনো ধর্মীয় বৈষম্য নেই। গত আগস্টের শেষভাবে মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানের মুখে প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে সোয়া ছয় লাখ রোহিঙ্গা মুসলমান।
এই অভিযানে নির্বিচারে হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ চলছে বলে অভিযোগ করে আসছে মানবাধিকার সংগঠনগুলো জাতিসংঘ একে দেখছে রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূলের চেষ্টা হিসেবে।


