পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মৌলভীবাজারের ইসলামি তাহজিব ও তামাদ্দুন বিষয়ক সংগঠন শীলিত সৃজনের ছায়ানীড় সৃজনঘর এর ৯ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন একটি কমিটি গঠন করা হয়েছে। ২০১৮-২০ সেশনের কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় রোববর (৭ নভেম্বর) রাত ৯টায় মৌলভীবাজারস্থ নুরুল কুরআন মাদ্রাসা মিলনায়তনে এক জরুরী সভায় অন্তর্বর্তীকালীন এ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সৃজনঘরের প্রতিষ্ঠাকালীন ও বিগত সেশনগুলোর সভাপতি মাওলানা আহমদ কবীর খলীল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা জিয়া উদ্দীন ইউসুফ, বিগত সেশনের সম্পাদক আযাদ আবুল কালাম, প্রতিষ্ঠাকালীন সম্পাদক হামমাদ রাগিব, বিগত সেশনের নির্বাহী সভাপতি সাইফ রাহমান, সাংগঠনিক সম্পাদক ইবাদ বিন সিদ্দিক, অর্থ সম্পাদক হাম্মাদ তাহমীম, মিডিয়া সমন্বয়ক জামিল আহমদ এবং সদস্য নুহ বিন হুসাইন।
বৈঠকে বিগত সেশনের কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সৃজনঘর-এর কার্যক্রমকে বেগবান রাখতে ৩ সদস্যবিশিষ্ট অভিভাবক পরিষদ এবং ৬ সদস্যের সমন্বয়ে পরিচালনা পরিষদ নামে অন্তর্বর্তীকালীন দুটি পরিষদ গঠিত হয়। অন্তর্বর্তীকালীন পরিচালনা পরিষদ অভিভাবক পরিষদের পরামর্শ-সাপেক্ষে পরবর্তী সাধারণ কাউন্সিল অনুষ্ঠানের আগ অবধি সংগঠনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
অন্তর্বর্তীকালীন অভিভাবক পরিষদে রয়েছেন মাওলানা আহমদ কবীর খলীল, মাওলানা জিয়া উদ্দীন ইউসুফ ও মাওলানা আযাদ আবুল কালাম। পরিচালনা পরিষদে আছেন মাওলানা হামমাদ রাগিব, মাওলানা সাইফ রাহমান, মাওলানা ইবাদ বিন সিদ্দিক, মাওলানা হাম্মাদ তাহমীম, মাওলানা জামিল আহমদ ও নুহ বিন হুসাইন।
পরবর্তী সাধারণ কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩ ডিসেম্বর ২০২১। অন্তর্বর্তীকালীন কমিটি চূড়ান্ত কমিটি গঠিত হবার আগ পর্যন্ত আসন্ন ‘সৃজনঘর তারুণ্যের মাহফিল ২০২২’-এর যাবতীয় প্রস্তুতির কাজ আঞ্জাম দেবে।
উল্লেখ্য, শীলিত সৃজনের ছায়ানীড় সৃজনঘর বৃহত্তর মৌলভীবাজার, সিলেট থেকে প্রতিষ্ঠিত ইসলামি তাহজিব ও তামাদ্দুন বিষয়ক একটি মননশীল সংগঠন। তরুণদের মধ্যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে সচেতনতা তৈরি এবং এর চর্চাকে ব্যাপক করার লক্ষ্যে সংগঠনটি বিশেষায়িত কাজ ও উদ্যোগ গ্রহণে তৎপর থাকে।


