ব্যান্ড দল মেঘদলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নিল বাদী

ব্যান্ড দল মেঘদলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নিল বাদী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশীয় ব্যান্ড দল মেঘদলের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন মামলার বাদী অ্যাডভোকেট ইমরুল হাসান। রবিবার (৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালতে মামলার বাদী অ্যাডভোকেট ইমরুল হাসান মামলাটি প্রত্যাহারের আবেদন করলে আদালত তার আবেদন গ্রহণ করে মামলা প্রত্যাহারের আদেশ দেন।

এর আগে গত ২৮ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালতে মেঘদলের সাতজনের বিরুদ্ধে মামলার আবেদন করেন অ্যাডভোকেট ইমরুল হাসান।

মামলার অভিযোগে ইমরুল হাসান বলেন, ইউটিউবে তিনি দেখতে পান নবী হযরত মোহাম্মাদ (সা.) এর একটি দোয়া বা ইসলামি প্রার্থনা নিয়ে আধুনিক মিউজিক ইন্সট্রুমেন্ট দিয়ে গান আকারে গাওয়া হচ্ছে।

বাদীর অভিযোগ, এ দোয়া বা হাদিস বা প্রার্থনা প্রতিটি মুসলিম মানুষের কাছে বিশুদ্ধ এবং পবিত্র। এ দোয়া বা প্রার্থনা সাধারণত হজের সময় পাঠ করা হয়। গানের অনুষ্ঠানটি টিএসসির ভাস্কর্যের সামনে করা হয় এবং পিছনে সাইনবোর্ড আকারে লেখা ছিল সহিংসতা। গানের মধ্যে আরও দেখা যায় যে, কালিমার অংশও গানের তালে পাঠ করা হয়। এ গান তার ধর্মানুভূতিতে আঘাত হেনেছে।

ইমরুল হাসান জানান, তিনি মেঘদলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় পরে তিনি কদমতলী থানায় মামলা করতে যান। তবে থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ না করে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *