পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা সংক্রমণরোধে দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে সৌদির হারামাইন ট্রেন। মঙ্গলবার (৩১ মার্চ) পবিত্র মক্কা ও মদিনা নগরীর মধ্যে দ্রুততর সময়ে চলাচল করতে উচ্চগতি সম্পন্ন ট্রেনের যাত্রা পুনরায় শুরু হয়। সৌদি গেজেট এ খবর জানিয়েছে।
জেদ্দার কিং আবদুল আজিজ বিমান বন্দরে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট স্টেশনে মক্কা নগরীর গভর্নর প্রিন্স খালেদ আল ফয়সাল পতাকা উত্তোলন করে ট্রেনের যাত্রা উদ্বোধন করেন। এদিকে মদিনার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান মদিনা স্টেশন থেকে আনুষ্ঠানিক যাত্রায় অংশগ্রহণ করেন।
করোনাকালে স্বাস্থ্য সুরক্ষায় সব বিধি-নিষেধ মেনে হারামাইন ট্রেন মক্কা, মদিনা, জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর ও সর্বশেষ কিং আবদুল্লাহ ইকোনোমিক সিটিতে চলাচল করবে।
পাবলিক ট্রান্সপোর্ট অথরেটি (পিটিএ)-এর প্রধান রুমাইহ বিন মুহাম্মদ আল রুমাইহ জানান, পবিত্র রমজান মাসের আগে হারামাইন ট্রেনের যাত্রা শুরু হয়েছে। ব্যস্ততম সময়েও তা যাত্রীদের সেবা দিতে পুরোপুরি প্রস্তুত। আর করোনাকালে স্বাস্থ্যবিধির পুরোপুরি অনুসরণ করে সেবার সর্বোচ্চ মান নিশ্চিত করা হবে।
২০১৯ সালের ডিসেম্বরে হারামাইন ট্রেন চলাচল শুরু হয়। জেদ্দার এক স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় আড়াই মাস পর্যন্ত তা বন্ধ থাকে। এরপর করোনা মাহমারি সংক্রমণরোধে গত বছরের ২০ মার্চ থেকে পুনরায় এর চলাচল স্থগিত হয়।
সূত্র : সৌদি গেজেট


