পাথেয় ডেস্ক :যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের দিনে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের ওপর ট্রাম্প প্রশাসনের নেওয়া কঠোর পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে গ্রেফতার হয়েছেন এক নারী। বুধবার (৪ জুলাই) স্ট্যাচু অব লিবার্টির উপর উঠে বিক্ষোভ করার সময় তাকে গ্রেফতার করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।
বুধবার ছিল যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। এদিন দুপুরের দিকে ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্ট্যাচু অব লিবার্টির ভিত্তির উপরে উঠে দাঁড়ান এক নারী। মাটি থেকে স্তম্ভটির ভিত্তির উচ্চতা ৩০ মিটার। বিক্ষুব্ধ ওই নারীকে সেখান থেকে নামাতে তার সঙ্গে চার ঘণ্টা ধরে আলোচনা চালায় পুলিশ। পরে নিউ ইয়র্ক পুলিশ স্ট্যাচু অব লিবার্টির ভিত্তির উপরে উঠে ওই নারীকে নামিয়ে নিয়ে আসে। তা এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ন্যাশনাল পার্ক সার্ভিসের মুখপাত্র ডেভিড সোম্মা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘তাকে আপসের মধ্য দিয়ে, শান্তিপূর্ণভাবে, অক্ষতভাবে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। আমাদের কর্মকর্তারাও কোনও আঘাত পাননি। ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা।’
এর আগে বুধবার সকালে স্ট্যাচু অব লিবার্টি প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থা আইসকে বিলোপ করার দাবি সম্বলিত ব্যানার নিয়ে বিক্ষোভ করার সময় ৬ জনকে গ্রেফতার করা হয়।
স্ট্যাচু অব লিবার্টি একটি বিশাল মূর্তি যা ১৮৮৬ সালে ফ্রান্স উপহার হিসেবে যুক্তরাষ্ট্রকে দিয়েছিল। এটি দাঁড়িয়ে আছে নিউ ইয়র্কে লিবার্টি আইল্যান্ডের হাডসন নদীর মুখে যেখানে জাহাজ নোঙর করে, যা যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশী এবং অন্য দেশ থেকে ফিরে আসা আমেরিকানসহ সকল পর্যটকদের স্বাগতম জানায়। এই তামার মূর্তিটি যুক্তরাষ্ট্রের শতবর্ষপূর্তিতে এবং যুক্তরাষ্ট্রের প্রতি ফ্রান্সের বন্ধুত্বের নিদর্শন হিসেবে উৎসর্গ করা হয়েছিল।


