পাথেয় টোয়েন্টিফোর ডটকম : স্বামীর লাম নিয়ে ফেরার পথে লাশ হয়ে গেলেন স্ত্রী। হাসপাতালে মারা যাওয়া স্বামী নেওয়াজ মিয়ার (৫০) লাশ নিয়ে বাড়ি ফেরার পথেই মারা গেছেন তার স্ত্রী পেয়ারা বেগম (৪০)।
বুধবার (২১ অক্টোবর) রাত ৮টায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার তক্তারচালা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ওই দম্পতির বাড়ি সখীপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামে। তাদের এক কন্যা সন্তান রয়েছে।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফরিদ হোসেন জানান, তিনদিন আগে দাড়িয়াপুর গ্রামের নেওয়াজ মিয়া (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুর ১২টার দিকে মারা যান নেওয়াজ। ওইদিনই অ্যাম্বুলেন্সে স্বামীকে নিয়ে বাড়ি ফিরছিলেন তার স্ত্রী।
পরে উপজেলার তক্তারচালা বাজার এলাকায় আসলে তার স্ত্রী হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে তার সঙ্গে থাকা স্বজনরা সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাইফুল ইসলাম শামীম বলেন, ‘অসুস্থ হয়ে একজন হাসপাতালে গেলেও স্বামী-স্ত্রী দুজনেই বাড়ি ফিরলেন লাশ হয়ে।’
/এএ


