নিজস্ব প্রতিবেদক : অভিযোগকেন্দ্রে (হটলাইন নম্বর ১০৬) আসা অভিযোগের ভিত্তিতে পল্টনের একটি হজ এজেন্সিতে তাৎক্ষণিক অভিযান জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার ১১৫ জন হজ যাত্রীর কাছ থেকে একটি দালাল চক্র টাকা আত্মসাৎ করেছেÑ এমন অভিযোগে পুরানা পল্টনের আল মুজদালিফা এভিয়েশন হজ এজেন্সিতে এ অভিযান চালানো হয়।
দুদক কর্মকর্তারা জানান, এ অভিযানের পরিপ্রেক্ষিতে এজেন্সি কর্তৃপক্ষ ১১৫ জন হজযাত্রীর নিবন্ধনের জটিলতা নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক মাসুদুর রহমান। তার নেতৃত্বে সাত সদস্যের একটি দল অভিযানে অংশ নেয়।
এছাড়া একই এলাকায় আরও তিনটি এজেন্সিতে অভিযান চালিয়ে বেশ কিছু অনিয়মের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা। এ অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, হজযাত্রাকে দুর্নীতি মুক্ত করার লক্ষ্যে দুদকের এ অভিযান। চলতি বছরে হজ কার্যক্রম যেন দুর্নীতি ও হয়রানি মুক্ত হয়, সে লক্ষ্যে এ অভিযান অব্যাহত রাখা হবে।


