২০২০ সালে চালু হবে ফাইভজি

২০২০ সালে চালু হবে ফাইভজি

পাথেয় রিপোর্ট : চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা ফোরজি চালুর পর সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ফাইভজি চালুর উদ্যোগ নেয়া হয়েছে। আগামী বছর অর্থাৎ ২০২০ সাল থেকে পঞ্চম প্রজন্মের এই ইন্টারসেবা পেতে পারে মানুষ।

দেশে আগামী বছরেই (২০২০ সাল) পঞ্চম প্রজন্মের ইন্টারনেট বা ফাইভজি সেবা চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার আমিনুল হাসান। বিটিআরসি ভবনে টেলিকম রিপোটার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সে হিসেবে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা আগামী বছর থেকেই এই ইন্টারনেট সেবা পাবেন। তিনি আরও বলেন, এই সেবা নিশ্চিত করতে মোবাইল ফোন অপারেটরগুলোকে অনেক কাজ সম্পন্ন করতে হবে।

গত বছরের ১৯ ফেব্রুয়ারি সরকার মোবাইল ফোন অপারেটর কোম্পানির হাতে ৪জি লাইসেন্স প্রদান করে। এর মধ্য দিয়ে দেশে চতুর্থ জেনারেশনের ইন্টারনেট যুগের সূচনা হয়। এরইমধ্যে দেশের প্রায় ১ কোটি ১৭ লাখ মোবাইল ব্যবহারকারী সেই সেবা গ্রহণ করেছেন।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ইশতেহারে ফাইভজি চালুর প্রতিশ্রুতি দেয়া হয়।

থাকছে না সাত দিনের নিচের ইন্টারনেট প্যাকেজ

এদিকে মতবিনিময় সভায় বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক জানান সাত দিনের নিচের ইন্টারনেট প্যাকেজ বন্ধ করা দেওয়া হচ্ছে। আগামী ২৭ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে।

বিটিআরসির এই কর্মকর্তা জানান, বেশির ভাগ মোবাইল ফোন কোম্পানির অনেক প্যাকেজ চালু থাকায় তাৎক্ষণিকভাবে তা কার্যকর করা যায়নি। এসব প্যাকেজের সব ফেব্রুয়ারির শুরুতে শেষ হয়ে যাবে। তাই চলতি মাস থেকেই মোবাইল ফোনের সাত দিনের নিচের ইন্টারনেট প্যাকেজ আর থাকছে না। তবে চলতি প্যাকেজের ডেটা শেষ না হলে তা পরবর্তী ছয়টি সাইকেল (প্যাকেজ) পর্যন্ত ব্যবহার করা যাবে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *