নিজস্ব প্রতিবেদক ● মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে একটি বড় অংশই শিশু। এসব শিশুদের শিক্ষায় ২০৮টি লানিং সেন্টার চালু করেছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। যেখানে অন্তত ২ লাখ শিশুকে শিক্ষা দেয়া সম্ভব হবে। রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ সরকারসহ বিভিন্ন আন্তর্জাতিক এনজিও এবং দাতা সংস্থা তাদের সহযোগিতা করেছে। এরই অংশ হিসেবে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষার ব্যবস্থা করার হচ্ছে। সংস্থাটি এ পর্যন্ত ২০৮টি লার্নিং সেন্টার স্থাপন করেছে। প্রতিটি লার্নিং সেন্টারে ৩৫ জন শিশুকে শিক্ষা দেয়া হচ্ছে। যাদের বয়স ৪ থেকে ১৪ বছরে মধ্যে। প্রাথমিকভাবে শুরু হওয়া ২০৮ টি লার্নিং সেন্টারে ১৭ হাজারের মতো শিশু শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে।
রোহিঙ্গা শিশুদের কোন অক্ষর জ্ঞান না থাকায় তাদের অক্ষর জ্ঞান সম্পর্কে ধারণা দেয়া হচ্ছে। পাশাপাশি মিয়ানমারের ভাষাসহ অংক ও ইংরেজি শেখানো হচ্ছে। ইউনিসেফের এক কর্মকর্তা জানিয়েছেন, এই লার্নিং সেন্টার ব্যবস্থা অব্যাহত রাখবে এবং আগামী ছয় মাসে লার্নিং সেন্টারের সংখ্যা বাড়ানো হবে। ইউনিসেফ অন্তত ২ লাখ রোহিঙ্গা শিশুকে শিক্ষা প্রদান করার পরিকল্পনা হাতে নিয়েছে। এই ধরনের উদ্যোগে রোহিঙ্গা শিশুদের মধ্যে শিক্ষা গ্রহণের আগ্রহ বেড়েছে। সূত্র : বিবিসি বাংলা


