কক্সবাজার প্রতিনিধি ● টেকনাফের শাহপরীর দ্বীপে আবারও রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনা নিখোঁজ রয়েছে আরও অনেকে। সোমবার ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকায় নাফ নদীর ডাঙ্গারপাড়া পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি মো. মাইনউদ্দিন খান। এরপর ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আরও অন্তত ৪০ জন নিখোঁজ রয়েছে। টেকনাফ থানার ওসি মো. মাইনউদ্দিন খান জানান, জীবনের ঝুঁকি নিয়ে মিয়ানমার থেকে নদীপথে বাংলাদেশে আসছে রোহিঙ্গারা। মিয়ানমার থেকে পালিয়ে আসা অন্তত ৬৫ জন রোহিঙ্গাবাহী একটি নৌকা ভোর চারটার দিকে সাগরে ডুবে যায়। এসময় ১২টি লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। এছাড়া ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিরা নিখোঁজ রয়েছে। তিনি বলেন, নৌকাটিতে রোহিঙ্গা শিশু, নারী ও পুরুষ ছিল। ঘটনাস্থলে কোস্টগার্ড, স্থানীয় জেলে ও লোকজনের সহায়তায় উদ্ধার তৎপরতা এখনো চলছে। ২৯ আগস্ট থেকে ১৬ অক্টোবর পর্যন্ত নাফ নদী ও সগরে রোহিঙ্গাবাহী ২৬টি নৌকাডুবির ঘটনা ঘটেছে।
নৌকাডুবিতে ১৮০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৭৬ জন রোহিঙ্গা। অন্য জন বাংলাদেশি নৌকার মাঝি। রোহিঙ্গাদের লাশের মধ্যে ৯০ জন শিশু, ৫৭ জন নারী ও ২৯ জন পুরুষ।


