৪টি নদীর নাব্যতা ফিরিয়ে আনতে একনেকে প্রকল্প অনুমোদন

৪টি নদীর নাব্যতা ফিরিয়ে আনতে একনেকে প্রকল্প অনুমোদন

পাথেয় টোয়েন্টিফোর : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ সাবলীল এবং নিরাপদে নৌযান চলাচল নিশ্চিত করতে চারটি নদীতে নাব্যতা ফিরিয়ে আনার লক্ষ্যে ৪ হাজার ৩৭১ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন করেছে।

২ অক্টোবর রাজধানীর শেরেবাংলা নগরে একনেক এনইসি সম্মেলন কক্ষে একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বর্তমান অর্থবছরে একনেকের ৮ম সভায় ‘পুরনো ব্রক্ষপুত্র, ধরলা, তুলাই ও পুনর্ভবা নদ-নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধার’ শীর্ষক প্রকল্পটি অনুমোদন করা হয়।

সভা শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ. মান্নান সাংবাদিকদের বলেন, আজকের সভায় আনুমানিক ১৩ হাজার ২১৮ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে ১৫টি প্রকল্প অনুমোদন করা হয়েছে।

তিনি বলেন, ‘মোট প্রকল্প ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকার ৮ হাজার ৪৭৯ কোটি ২২ লাখ টাকা এবং সংস্থাগুলো নিজস্ব তহবিল থেকে ৪৪৮ কোটি ৪৩ লাখ টাকা দিবে। অন্যদিকে, অবশিষ্ট ৪ হাজার ২৯০ কোটি ৬৬ লাখ টাকা প্রকল্প সহায়তা হিসাবে পাওয়া যাবে।’

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ২০২৪ সালের জুন মাসের মধ্যে চারটি নদ-নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়ন করবে।
প্রকল্প এলাকাসমূহ হচ্ছে- রংপুর বিভাগের লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা, ঢাকা বিভাগর কিশোরগঞ্জ জেলা এবং ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর ও ময়মনসিংহ জেলা।

যাত্রী ও মালামাল সহজ ও সাবলীলভাবে এবং কম খরচে পরিবহনের লক্ষ্যে এই প্রকল্পের আওতায় পুরনো ব্রক্ষপুত্র নদকে দ্বিতীয় শ্রেণীর নৌপথে উন্নীত করতে ২২৭ কিলোমিটার দীর্ঘ এলাকাকে ১০০ মিটার চওড়া এবং ৩ মিটার গভীর করে খনন করা হবে।

পাশাপাশি, ধরলা নদীকে তৃতীয় শ্রেণীর নৌপথে উন্নীত করার লক্ষ্যে নদীটির ৬০ মিটার এলাকা ৩৬ মিটার চওড়া ও ২ মিটার গভীর করে খনন করা হবে।
এছাড়াও প্রয়োজনীয় খননের মাধ্যমে পুনর্ভবা নদীটিকে তৃতীয় শ্রেণীর নৌপথে এবং তুলাই নদীটিকে চতুর্থ শ্রেণীর নৌপথে রূপান্তর করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *