৭ দিনের রিমান্ডে হেফাজতের সাংগঠনিক সম্পাদক

৭ দিনের রিমান্ডে হেফাজতের সাংগঠনিক সম্পাদক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেফতারের পর তাকে সাতদিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সোমবার (১২ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

রবিবার (১১ এপ্রিল) হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের বৈঠক শেষে চট্টগ্রামের বাসায় ফেরার পথে নিখোঁজ হন ইসলামাবাদী। সোমবার (১২ এপ্রিল) আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইসলামাবাদীকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র জানায়, ২০১৩ সালে রাজধানীর মতিঝিলে হেফাজতের তাণ্ডবের বিষয়ে ঢাকায় ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে আদালতে পাঠানো হয়। মামলায় তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে বিচারক সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

রবিবার (১১ এপ্রিল) মধ্যরাতে চট্টগ্রামের হাটহাজারীতে র‍্যাব ও ডিবির যৌথ অভিযানে আজিজুল হককে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম-কমিশনার মো. মাহবুব আলম গণমাধ্যমকে জানান, ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের জ্বালাও-পোড়াওয়ের অভিযোগে আজিজুল হক ইসলামাবাদীর বিরুদ্ধে পাঁচটি মামলা হয়। ওই মামলায় রবিবার (১১ এপ্রিল) ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *