ওয়ার্ল্ড ডেস্ক ● অবশেষে প্রবল আন্তর্জাতিক চাপের মুখে ভারতের মুম্বাইয়ে ২৬/১১-র সন্ত্রাসী হামলার মূলহোতা হাফিজ সাঈদের সংগঠন জামাত উদ দাওয়া-সহ ৭২টি সন্ত্রাসবাদী সংগঠনকে কালো তালিকাভূক্ত করল পাকিস্তান।
এক্সপ্রেস নিউজ এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন বিশ্বাস ফিরে পেতে মোট ৭২টি সংগঠনকে সন্ত্রাসবাদী আখ্যায়িত করে কালো তালিকায় ঢুকিয়েছে পাকিস্তান। তার মধ্যে হাফিজ সাঈদের জামাত উদ দাওয়া ছাড়াও হাফিজের আরেকটি সংগঠন ফালহা ই ইনসানিয়াত ফাউন্ডেশনকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সন্ত্রাসবাদ দমণে পাকিস্তানের গড়িমসিমূলক ভূমিকার তীব্র নিন্দা করে দুই দিন আগেই পাকিস্তানকে সামরিক সহায়তা বাবদ ২২৫ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা বন্ধ করার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসন জানায়, আফগান তালিবান ও হাক্কানি নেটওয়ার্ককে শেষ করা তো দূরে থাক, পাকিস্তান ওই সব জঙ্গীদের স্বর্গ হয়ে উঠছে।
ট্রাম্পের কথায়, ‘গত ১৫ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রকে মিথ্যা কথা বলে ৩ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার নিয়ে বদলে নিজেদের দেশকে সন্ত্রাসবাদীদের স্বর্গ বানিয়েছে পাকিস্তান।’


