নিজস্ব প্রতিবেদক : অর্থ আত্মসাতের মামলায় সোনালী ব্যাংক লিমিটেডের ময়মনসিংহ জেনারেল ম্যানেজার কার্যালয়ের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. সাইফ উদ্দিন সবুজকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বিকেলে দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরে মতিঝিল থানা পুলিশের সহযোগিতায় তাকে রাজধানীর মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় গত মাসের ১৯ অক্টোবর গ্রাহকের অর্থ-আত্মসাতের অভিযোগে একটি মামলা (নম্বর-৩৭) করা হয়।
দুদক সূত্রে জানা যায়, সাইফ উদ্দিন সবুজ চলতি বছরের ২৬ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত গ্রাহকদের ৫ লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য নগদ গ্রহণ করেন। এমনকি তাদের জমার রশিদও দেন। কিন্তু ওই টাকা গ্রাহকদের হিসাবে জমা না করে নিজ স্বার্থে রেখে তা আত্মসাৎ করেছেন তিনি। মামলাটির তদন্ত করছেন দুদক-এর ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক রাম প্রসাদ মন্ডল।


