পাথেয় রিপোর্ট : আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসাতে হবে-এটাই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার মনোবাসনা মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সিইসি নিজেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান না। যে করেই হোক আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসাতে হবে-এটাই কমিশনের মনোবাসনা। একতরফা নির্বাচন করতে, দেশে একনায়কতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করতেই তিনি সিইসি হিসেবে নিয়োগ পেয়েছেন।
রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
সিইসি নিজেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অন্তরায় দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভোট কেন্দ্রের ভেতরে যেতে পারবেন না, সাংবাদিকরা ভোট কেন্দ্রে যেতে পারবেন না, পর্যবেক্ষকদের মূর্তির মতো দাঁড়িয়ে থেকে ভোট পর্যবেক্ষণ করতে হবে, তাহলে কি শুধুমাত্র আওয়ামী সন্ত্রাসী বাহিনী, আর আওয়ামী চেতনায় সাজানো আইন শৃঙ্খলা বাহিনী মিলে নির্বাচন করবে? ভোট ডাকাতির সুযোগ করে দিতেই যাবতীয় আয়োজন করা হচ্ছে বলে জনগণ বিশ্বাস করে। বর্তমানে যে পরিবেশ বিরাজমান এ পরিস্থিতিতে কোন ভোটার ভোট কেন্দ্রে যাবে না। সুতরাং সিইসির বক্তব্যে পরিষ্কার হলো যে, অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অন্তরায় তিনি নিজেই।
রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনে সেনাবাহিনী পুলিশের কো-অর্ডিনেশনের মধ্যে থাকবে। যা নজীরবিহীন ও দুরভিসন্ধিমূলক। সিইসি বলেছেন যে, আগামী ১৫ ডিসেম্বর থেকে মাঠে নামবে। পুলিশের কমান্ডে কী করে সেনাবাহিনী কাজ করবে? সেনাবাহিনীকে আর কত ছোট করা হবে? সাধারণত সেনাবাহিনী যেখানে ডেপ্লয়মেন্ট হয় সেখানে রাষ্ট্রের অন্যান্য বাহিনীগুলো (বিজিবি, পুলিশ, আনসার ইত্যাদি) সেনাবাহিনীর কমান্ডেই কাজ করে। এটাই বিশ্বব্যাপী সর্বজনীন নিয়ম। তিনি বলেন, সেনাবাহিনী মুক্তিযুদ্ধে অনন্য অবদানের মধ্য দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরীর ভ‚মিকা পালন করে গর্বিত বাহিনী হিসেবে সবার নিকট সমাদৃত হয়েছে, সেই বাহিনীকে আর কত নীচু করা হবে? যে সেনাবাহিনী আমাদের জাতীয় দুর্যোগ-দূর্বিপাক মোকাবেলায় মানুষের জীবন ও সম্পদ বাঁচাতে উপদ্রুত এলাকায় দ্রুতগতিতে ছুটে যায়, সেই বাহিনীকে আর কত হেয় করা হবে?
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপির এই মুখপাত্র আরও বলেন, সিইসি বলেছেন-পুলিশ ইসির নিদের্শ মতোই কাজ করছে, সুতরাং সিইসি স্বীকার করে নিলেন যে, সারা দেশে যত হামলা, মামলা, গায়েবি মামলা, গ্রেফতারসহ সবকিছু হচ্ছে সিইসির নির্দেশে। সেক্ষেত্রে যশোরের বিএনপি নেতা ও দলের মনোনয়ন প্রত্যাশী আবু বকর আবুর লাশ বুড়িগঙ্গায় ভেসে ওঠাটা নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।


