আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেন যে সব নতুন মুখ

আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেন যে সব নতুন মুখ

পাথেয় রিপোর্ট : আওয়ামী লীগ থেকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন বেশকিছু নতুন ও তরুণ মুখ। নৌকার নতুন মাঝি হলেন যারা, তাদের পরিচয় জেনে নিন-

১. বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে নড়াইল-২ এর নৌকার মাঝি হিসেবে বেছে নিয়েছে আওয়ামী লীগ। এই আসনে ২০১৪ সালের নির্বাচনে মহাজোট থেকে মনোনয়ন পেয়েছিলেন ওয়ার্কাস পার্টির শেখ হাফিজুর রহমান।

২. মাগুরা-১ আসনেও এবার পরিবর্তন এনেছে আওয়ামী লীগ। এ আসনে এ টি এম ‍আব্দুল ওয়াহাবের পরিবর্তে দলটি সাবেক ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান শিখরের ওপর আস্থা রেখেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

৩. টাঙ্গাইল-৩ আসনে সংসদ সদস্য আনামুল রানা খানের পরিবর্তে এবার নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে তার বাবা আতাউর রহমান খানকে। আনামুল রহমান খান রানা বর্তমানে হত্যা মামলায় কারাগারে রয়েছেন।

৪. চট্টবীর মহিউদ্দিন চৌধুরীর পুত্র ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন। তিনি চট্টগ্রাম-৯ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করবেন।

৫. একাদশ নির্বাচনে আওয়ামী লীগ সবচেয়ে বড় চমক দিয়েছে ঢাকা-১৩ আসনে। আওয়ামী লীগের প্রভাবশালী কেন্দ্রী নেতা জাহাঙ্গীর কবির নানকের পরিবর্তে এই আসনে উত্তর ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক সাদেক খানকে বেছে নিয়েছেন শেখ হাসিনা।

৬. শরীয়তপুর-১ আসনেও এসেছে নৌকার নতুন মুখ। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেলের পরিবর্তে ইকবাল হোসেন অপুকে মনোনীত করা হয়েছে।

৭. শাহীন আক্তার চৌধুরী কক্সবাজার-৪ আসন থেকে প্রথমবারের মতো নির্বাচন করবেন। তিনি বহুল আলোচিত বদির স্ত্রী।

৮. কিশোরগঞ্জ-২ আসনে লেগেছে পরিবর্তনের হাওয়া। এখানে নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো নির্বাচন করবেন বাংলাদেশের পুলিশের সাবেক ডিজি নূর মোহাম্মদ।

এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে যারা নৌকা প্রতীকে লড়বেন তাদের রোববার সকাল থেকে চিঠি দিতে শুরু করেছে দলটি। অবশ্য আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার এক সংবাদ সম্মেলনে চিঠি প্রসঙ্গে বলেন, এটা অনানুষ্ঠানিক চিঠি এবং এই চিঠি চূড়ান্ত কিছু নয়। মহাজোটের প্রার্থী তালিকা সোমবার আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে এদিন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দু’টি আসনে (টুঙ্গিপাড়া ও রংপুর) এবং স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জন্য একটি আসনে (রংপুর) মনোনয়নের কাগজ তুলেছেন বলে জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *