পাথেয় রিপোর্ট : আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনের নামে তামাশা করে আওয়ামী লীগ আজ গণশত্রুতে পরিণত হয়েছে। নির্বাচনের পর তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ঠাকুরগাঁও থেকে সড়ক পথে ঢাকায় ফেরার পথে বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে বগুড়া শহরতলীর হোটেল মম ইন-এ যাত্রা বিরতিকালে সদর উপজেলা বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সংকটকালে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র প্রতিষ্ঠা না করে ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, দেশ আজ গভীর সংকটে পড়েছে। ভয়াবহ দুর্বৃত্তায়নের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসার কারণে এই সংকটের সৃষ্টি হয়েছে।
বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাবেক সভাপতি অ্যাড. একেএম মাহবুবর রহমান, রেজাউল করিম বাদশা, সাবেক সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজ, হেলালুজ্জামান তালুকদার লালু, আলী আজগর হেনা প্রমুখ।


