পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনার মধ্যেও আগস্ট মাসে ৩৩৮ কোটি ৩০ লাখ ডলারের বা ২৮ হাজার ৭৫৫ কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছে। এই আয় গত বছরের একই সময়ের চেয়ে ১৪ শতাংশ বেশি।
রপ্তানি আয়ের তথ্যে দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে হিমায়িত খাদ্য, কৃষি প্রক্রিয়াজাত খাদ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, প্লাস্টিক পণ্য, হস্তশিল্প, টেরিটাওয়েল, হোম টেক্সটাইলের রপ্তানি আয় বেড়েছে। অন্যদিকে তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য এবং প্রকৌশল পণ্যের রপ্তানি কমেছে।
ইপিবির তথ্যানুযায়ী, জুলাই-আগস্ট সময়ে ৫৬৪ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এ আয় গত বছরের একই সময়ের চেয়ে এক দশমিক ২৭ শতাংশ কম। অর্থবছরের প্রথম এ দুই মাসে নিটওয়্যার রপ্তানিতে চার দশমিক ৬৩ শতাংশের মত রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে। এ দুই মাসে প্রায় ৩২৬ কোটি ডলারের নিট পোশাক রপ্তানি হয়েছে। অন্যদিকে আর ওভেন পোশাক আগের বছরের একই সময়ের তুলনায় আট দশমিক ৩৩ শতাংশ কমেছে। এ সময়ে ২৩৮ কোটি ডলারের ওভেন পোশাক রপ্তানি হয়েছে।
একক মাস হিসেবে শুধু আগস্ট মাসে পোশাকের রপ্তানি বেড়েছে সাড়ে ১১ শতাংশের মতো। এ মাসে ২৭৫ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। গত বছরের আগস্টে রপ্তানি হয়েছিল ২৪৬ কোটি ডলারের পোশাক।


