পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সকালের কনকনে শীত, ঘন কুয়াশা আর বসন্তের শুরুর দিকের ঠান্ডা বাতাসসহ নানা প্রতিকূলতা উপেক্ষা করে তাড়াইলের জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়া ময়দানে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমার দ্বিতীয় দিন শুরু করেছেন হাজার হাজার মুসল্লি। আগামিকাল রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বাদ এশা ইজতেমায় আগত মুসল্লিদের উদ্দেশ্যে বাংলাদেশ জমিয়তুল উলামা ও বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, আমাদের এই ইজতেমা আমলী ইজতেমা, ওয়াজের নয়। আমরা সবাই কমবেশি ওয়াজ জানি, কিন্তু আমলের বেলায় নাই। এজন্য আমলী জিন্দেগি গঠনের জন্য আমাদের এই ইজতেমার আয়োজন করা হয়।
আমাদের এই ইসলাহী ইজতেমার একমাত্র উদ্দেশ্য আমরা আল্লাহকে পেতে চাই জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, যে আল্লাহকে পায়নি সে দুনিয়ার সব পেলেও মূলত কিছু পায়নি, আর আখেরিতে তো বিন্দু পরিমাণ কিছু পাবে না। কিন্তু যে আল্লাহকে পেয়েছে, সে দুনিয়াতে সব পাবে, আখেরাতেও জান্নাত পাবে।
আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, আমলী পরিবেশ তৈরি করার জন্য এই ইজতেমায় ঈমান-আমলের কথা বলা হয়, কোরআন তেলাওয়াত শিখানো হয়, নবীদের জীবনী শোনানো হয়, নফল নামাজ পড়তে উৎসাহী করা হয়। এসব কিছু মূল হলো নিজের জীবনকে আমলী জিন্দেগী বানানো।


