পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নতুন ধারার রাজনীতির অঙ্গীকার নিয়ে আজ মঙ্গলবার, ২৬ অক্টোবর, আত্মপ্রকাশ করেছে ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’। এই দলের নেতৃত্বে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। তবে আত্মপ্রকাশের দিনই দলটিকে নিষিদ্ধের দাবি তুলেছে ‘নানা বিতর্কের জন্ম দেয়া’ মুক্তিযুদ্ধ মঞ্চ।
সংগঠনটির একাংশ আজ রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে দাবি করে, রেজা কিবরিয়া ও নুরুল হক নুরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তারা দেশব্যাপী সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলার মদদদাতা, দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে তারা।
ঢাকার এই ব্যস্ততম সড়কটি আধঘণ্টা ধরে অবরোধ করে রেখে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, চট্টগ্রামের পূজামণ্ডপে হামলার ঘটনায় নূরের দলের ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা পূর্বপরিকল্পিতভাবে রেজা কিবরিয়া ও নূরের প্রত্যক্ষ মদদে সাম্প্রদায়িক সন্ত্রাস উস্কে দিয়েছিল সারাদেশে।
এই ‘অপরাধে জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ছাত্র, যুব ও গণ অধিকার পরিষদ নিষিদ্ধের দাবি করে তিনি বলেন, এসব হামলার মদদদাতা হিসেবে রেজা কিবরিয়া ও নুরুল হক নুরদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
সড়ক অবরোধ কর্মসূচিতে আওয়ামী ঘরানার স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম-সম্পাদক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়াসহ মুক্তিযুদ্ধ মঞ্চের এই অংশের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় দাবির পক্ষে বিভিন্ন ধরনের স্লোগানও দিতে দেখা যায় অংশগ্রহণকারীদের।


