আপনার সঙ্গী খুঁজে দিতে ‘লাভ এক্সপ্রেস’ ট্রেন

আপনার সঙ্গী খুঁজে দিতে ‘লাভ এক্সপ্রেস’ ট্রেন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ট্রেনের নাম ‘লাভ এক্সপ্রেস’। ট্রেনের গন্তব্য চীনের বহু পুরনো শহর ঝাউ সুই। ট্রেনের মধ্যে বিভিন্ন রকমের খাবারের পাশাপাশি আয়োজন রয়েছে নানা রকম খেলারও। কিন্তু এ ট্রেন ভ্রমণ সবার জন্য নয়। এ ট্রেন ভ্রমণ শুধু সিঙ্গেল যুবক-যুবতীদের জন্য। সিঙ্গেলদের সঙ্গী খুঁজে দিতে এ অভিনব পদক্ষেপ নিয়েছে চীনের চেংদু রেলওয়ে সংস্থা।

চীনের প্রায় ২০ কোটি মানুষ সিঙ্গেল। তাদের সঙ্গী খুঁজে দিতেই এ অভিনব পদ্ধতি। উদ্দেশ্য একটাই, এ সফরের মাধ্যমে সিঙ্গলরা যাতে তাদের সঙ্গী বা সঙ্গিনীকে খুঁজে পান।

চীনের এক স্থানীয় সংবাদপত্রের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি লাভ এক্সপ্রেস নামের একটি বিশেষ ট্রেনে এক হাজার সিঙ্গলকে নিয়ে দু’দিন ও এক রাতের ভ্রমণের ব্যবস্থা করা হয়েছিল। সিঙ্গলরা যাতে একে অপরের পছন্দ ভালোভাবে জানতে পারেন, আরও ভালো করে বুঝতে পারেন এজন্য ট্রেনের মধ্যে অনেক রকমের খাবার এবং খেলাধুলার ব্যবস্থা করা হয়েছিল।

গন্তব্য ছিল বহু পুরনো শহর ঝাউ সুই। সেখানে ব্যবস্থা ছিল ট্রাডিশনাল পারফরম্যান্সেরও। একসঙ্গে হাজার জন বসে দেখেন সেই পারফরম্যান্স। সঙ্গী পেতে এ আয়োজন এ বছরই প্রথম নয়। তিন বছর ধরেই এ ট্রেন চালানো হচ্ছে। রেলের দাবি, এ ট্রেনে যাত্রা করে অন্তত দশজন খুঁজে পেয়েছেন তাদের পছন্দের সঙ্গীকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *