পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানে গত ২৪ ঘণ্টায় তালেবান বাহিনীর অন্তত ১১৯ যোদ্ধা নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও অন্তত ৪১ জন। আফগান সামরিক বাহিনী পরিচালিত অভিযানে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে দেশটির সরকার।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ওই ১১৯ তালেবান যোদ্ধা নিহত হয়েছে। দেশটির বার্তা সংস্থা শাফাকনা আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এ খবর দিয়েছে বলে জানিয়েছে পার্সটুডে।
বিবৃতিতে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের নিরাপত্তা বাহিনী গজনি, সারপোল, ফারিয়াব, আরজগান, হেরাত, বাগলান এবং তোখার প্রদেশে তালেবান বিরোধী অভিযান পরিচালনা করে। এসব অভিযানে কমপক্ষে ৪১ তালেবান যোদ্ধা আহত হয়েছে।
এ ছাড়া অভিযানগুলোতে নিরাপত্তা বাহিনী প্রচুর অস্ত্রশস্ত্র জব্দ করেছে বলেও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত তালেবান বাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের বিভিন্ন এলাকায় সহিংসতার মাত্রা বেড়ে গেছে।


