পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ১৮ বছর বয়সীদের টিকা দেওয়ার কথা বলেছিল স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। আজ শুক্রবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (৭ আগস্ট) থেকে গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছে করোনাভাইরাসের টিকা। বাড়ির পাশ থেকেই শুধু এনআইডি দেখিয়ে সবাই টিকা নিতে পারবেন। এ উপলক্ষে আজ শুক্রবার (৬ আগস্ট) সংবাদ সম্মেলনে কথা বলেন ডা. এবিএম খুরশীদ আলম। সেখানেই তিনি টিকা নেওয়ার বয়স পরিবর্তনের কথা জানান।
খুরশীদ আলম বলেন, আমরা ১৮ বছর হলেই টিকা দেওয়ার কথা বলেছিলাম। কিন্তু এই বয়সীদের অনেকের আইডি কার্ড নেই। এতে করে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তাই ১৮ নয়, টিকা গ্রহণের সর্বনিম্ন বয়স ২৫ বছরই থাকছে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় ১৮ বছর থেকেই টিকা দেব আমরা।
টিকা ক্যাম্পেইনের উদ্দেশ্য প্রসঙ্গে স্বাস্থ্যের ডিজি বলেন, সারাবিশ্বেই টিকাকেন্দ্রিক রাজনীতি রয়েছে। দেশে ইতোমধ্যেই টিকা প্রয়োগের পরিমাণ বেড়ে গেছে।
‘গত ১০ দিনে ৩০ লাখ টিকা প্রয়োগ করা হয়েছে। ভ্যাকসিন নিয়ে বড় ধরনের ক্যাম্পেইন করতে না পারলে বিশাল এই জনগোষ্ঠীকে কাভার করা যাবে না। আমাদের কাছে এটা পাইলট প্রজেক্ট। এই প্রকল্পের মাধ্যমে আগামী দিনের জন্য শিক্ষা নেব।’


