বন্যার পর পশ্চিম ইউরোপে এবার ভয়াবহ দাবানল

বন্যার পর পশ্চিম ইউরোপে এবার ভয়াবহ দাবানল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত মাসে পশ্চিম ইউরোপে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল। এতে পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশের প্রায় দুইশো মানুষের মৃত্যু ঘটে। বন্যার ভয়াবহতা না কাটতেই এবার পশ্চিম ইউরোপে দেখা দিয়েছে ভয়াবহ দাবানল। দাবানলে জ্বলছে পশ্চিম ইউরোপের দেশ তুরস্ক, গ্রিস, ইতালি, নর্থ ম্যাসিডোনিয়া, অ্যালবেনিয়ার মতো দেশগুলো।

ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে, গত জুলাই ছিল ইউরোপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণ মাস। এই তাপপ্রবাহ চলবে আগস্টেও। সেই সঙ্গে দাবানলে পুড়তে পারে দেশগুলো।

গ্রিসে প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড তাপদাহ চলছে। ১৯৮৭ সালের পর সেখানে এত গরম আর কখনো পড়েনি। তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। এই অবস্থা চলবে অন্তত আগামী রোববার (৮ আগস্ট) পর্যন্ত।

গত বুধবার (৪ আগস্ট) থেকে গ্রিসে ১০০টির বেশি জায়গায় দাবানল চলছে। এথেন্সের শহরতলিতে দাবানল পৌঁছে গেছে। অলিম্পিয়ার স্মৃতিস্তম্ভের কাছেও আগুন চলে গেছিল। তবে আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, অলিম্পিয়াকে আপাতত আগুনের হাত থেকে বাঁচানো গেছে। তবে বিপদ পুরোপুরি কাটেনি। গ্রিক প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে সেনা ও বিমানবাহিনী নামাবেন তারা।

এদিকে ভয়াবহ দাবানলের কবলে পড়েছিল তুরস্কের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র। প্রায় ১১ ঘণ্টা আপ্রাণ চেষ্টার পর সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান জানিয়েছেন, আগুনে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান ইউনিটের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে অন্য জায়গাগুলোর দাবানল এখনো নিয়ন্ত্রণে আসেনি। প্রচণ্ড গরম, আর্দ্রতা কম ও প্রবল হাওয়ার কারণে পরিস্থিতি ক্রমেই আরও খারাপ হচ্ছে।

ইতালির দাবানল শুরু হয়েছিল সিসিলিতে। এরপর তা ছড়িয়ে পড়ে আরও কয়েকটি অঞ্চলে। দমকলকর্মীরা দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন। ব্যবহার করা হচ্ছে প্লেন। তা সত্ত্বেও আগুন এখনো আয়ত্ত্বে আসেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *