পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তালেবান রাশিয়া সফর করতে ইচ্ছুক, যদি তারা আমন্ত্রণ পায়। আফগান সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা বলেন।
রাশিয়ার বার্তা সংস্থা তাস এর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা জানেন, আমাদের একটি প্রতিনিধিদল সম্প্রতি রাশিয়া সফর করেছে। সন্দেহাতীতভাবেই আমরা যদি ফের আমন্ত্রণ পাই, তবে আমরা অবশ্যই রাশিয়া সফরে যাব।
মার্কিন যুক্তরাষ্ট্র এ বছর তার সেনা প্রত্যাহারের পর রাশিয়ায় তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিতে জোরালো অভিযান শুরু করে। ১৫ আগস্ট আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় তালেবান কোনো প্রতিরোধের সম্মুখীন না হয়েই কাবুলে প্রবেশ করে।
৬ সেপ্টেম্বর তালেবান ঘোষণা করে তারা পুরো আফগান ভূখণ্ডে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ৭ সেপ্টেম্বর তারা আফগানিস্তানে একটি অন্তর্বর্তী সরকার ঘোষণা করে- যা এখনো কোনো দেশের স্বীকৃতি পায়নি।
১৮ অক্টোবর আফগান উপপ্রধানমন্ত্রী আব্দুল সালাম হানাফির নেতৃত্বে তালেবানের অন্তর্বর্তী সরকারের একটি প্রতিনিধিদল ‘মস্কো ফরম্যাটে’ আফগানিস্তানে তৃতীয় বৈঠকে অংশ নিতে রাশিয়ার রাজধানী সফর করে।
সূত্র : তাস


