আমরা পাশে থাকবো : রোহিঙ্গা শরণার্থীদের প্রধানমন্ত্রী

আমরা পাশে থাকবো : রোহিঙ্গা শরণার্থীদের প্রধানমন্ত্রী

এই বর্বর হত্যাকাণ্ড মেনে নেয়া যায় না # রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নিতে আন্তর্জাতিকভাবে জনমত গড়ে তুলতে হবে # সাময়িক আশ্রয় পাবে রোহিঙ্গারা # মানবিক বিবেচনায় আশ্রয় দিয়েছি

নিজস্ব প্রতিবেদক • রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নিতে আন্তর্জাতিকভাবে জনমত গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের মিয়ানমারে ফিরে যেতে হবে। উপস্থিত রোহিঙ্গাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনারা যাতে নিজ দেশে ফিরে যেতে পারেন, সে ব্যাপারে চেষ্টা চলছে। ঘরবাড়ি হারিয়ে যেসব রোহিঙ্গা বাংলাদেশে এসেছেন, তারা সাময়িক আশ্রয় পাবে বলে উল্লেখ করেন। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, স্বজন হারানোর বেদনা তিনি বোঝেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে সংক্ষিপ্ত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

রোহিঙ্গাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, মানবিক দিক বিবেচনা করে আমরা আপনাদের আশ্রয় দিয়েছি। আমরা আপনাদের পাশে থাকবো। সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে করে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বেলা সাড়ে ১১টায় পৌঁছান উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে। বক্তব্য শেষে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। শেখ হাসিনা বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর গুলিতে অনেকের মৃত্যু হয়েছে। ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হচ্ছে। নাফ নদীতে নারী-শিশুর লাশ পাওয়া যাচ্ছে। এই বর্বর হত্যাকা- মেনে নেয়া যায় না।

মানবিক দিক বিবেচনা করেই রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছে। তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয়। উপায় না দেখে এ দেশের মানুষ তখন ভারতে আশ্রয় নিয়েছিল। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে আহ্বান জানাচ্ছি। প্রতিবেশী দেশ হিসেবে আমাদের যা করার দরকার, আমরা সেটি করবো। আমরা শান্তি চাই। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম, মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রমুখ। কক্সবাজার হিলটপ সার্কিট হাউসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষ করে বিকেলে ঢাকায় ফিরে আসেন প্রধানমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *