পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘কেবল এলান বা ঘোষণার মাধ্যমে দ্বীন প্রচার হয় না বরং আমল করার মাধ্যমে সমাজে দ্বীনের যে প্রচার করা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বীনের যেকোন কাজ আগে নিজে করে যখন এর বার্তা সমাজে ছড়িয়ে দেয় হয়, সমাজ তখন খুব সহজে সুন্দর ভাবে তা গ্রহণ করতে পারে।’
সমাজ সুন্দরের এই নতুন ফর্মুলার কথা বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মাসিক শবগুজারির ইসলাহী বয়ানে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন।
দ্বীন প্রচারের ক্ষেত্রে মাথা গুনে গুনে হিসাব কষার কোন প্রয়োজন নেই উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, ইসলামের দিকে ডেকে, আহ্বান করে একজন মানুষকেও যদি আল্লাহর দিকে নিয়ে আসা যায় সেটাই অনেক বড় সফলতা। কেউ যদি না আসে এতেও কোন অসফলতা নেই। কারণ বান্দা তার দায়িত্ব পালন করলেই পূণ্য পেয়ে যায়।
দাওয়াতের ক্ষেত্রে বড় ছোট কেন বিষয় নয় মন্তব্য করে শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম বলেন, সালাম যেমন ছোট বড় সবাই দেয়া যায়, তেমন দ্বীনের দাওয়াত ও সমাজের সর্বস্তরের মানুষকে দেয়া যায়। আমাদের সঙ্গে কাজ করেছেন এমন একজন সাধারণ বিগেডিয়ার সাবেক রাষ্ট্রপতি হোসাইন মুহাম্মদ এরশাদকেও তাবলিগের দাওয়াত দিয়েছিলেন।
নবীজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে নূরান্নীত হতে চাইলে দুরুদ শরীফ পড়তে হবে উল্লেখ করে মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর এই খলিফা বলেন, দুরুদ শরীফের মাঝে আল্লাহ তাআলা যে নূর রেখেছেন, অন্য কোন আমলের মধ্যে এই নূর নেই। নামাজের মধ্যে ইবাদতে নূর, রোজার মধ্যে সিয়ামের নূর, হজের মধ্যে কাবা শরীফের নূর, আর দুরুদ শরীফের মধ্যে আল্লাহ তাআলা নবীজী সা.-এর নূর রেখে দিয়েছেন।
আল্লামা মাসঊদ বলেন, দুরুদ শরীফের মধ্যে একটা সুগন্ধি আছে, এই সুগন্ধি অনুভব করতে হয়। যদি তুমি দুরুদ শরীফের সুগন্ধি না পাও, তাহলে সেটা তোমার নাকের দোষ, তোমার নাক ভালো না।
তিনি বলেন, নবীজীর রওজা পাকের সামনে দাঁড়িয়ে দুরুদ পেশ করলে নবীজী শুনেন এবং সাথে সাথে উত্তর দেন। আর দূর থেকে পেশ করলে ফেরেশতারা নবীজী কাছে এই দুরুদ ব্যক্তির বাবা মা’র নাম ধরে পৌঁছে দেন। নবীজীর উত্তর দেন।
কিশোরগঞ্জের তাড়াইলের বার্ষিক ইসলাহী ইজতেমায় উপস্থিত থাকার আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, ইনশাআল্লাহ ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ২০২০-এ তাড়াইলের বেলংকায় আমাদের ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হবে। আপনার এই ইজতেমার দাওয়াত সর্বত্রে পৌঁছে দেবেন।


