পাথেয় টোয়েন্টিফোর ডটকম : একদিকে করোনার প্রাদুর্ভাব উল্লেখযোগ্য হারে কমছে, অন্যদিকে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। গত ২৪ ঘন্টায় দেশেরে বিভিন্ন হাসপাতালে আরও ২৬৫ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
শনিবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৬৫ জন। এর মধ্যে ঢাকাতেই ২১৪ জন এবং ঢাকার বাইরের সারাদেশে রয়েছেন ৫১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট এক হাজার ১১১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৬৭ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১৪৪ জন রোগী ভর্তি রয়েছেন।


