পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ডিসেম্বরের মধ্যেই ৭ কোটি মানুষকে করোনা টিকার আওতায় আনার ঘোষণা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী চার মাসের (ডিসেম্বর) মধ্যে দেশের ৭ কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের ১৭ কোটি মানুষকেও এই টিকার আওতায় আনা হবে।
শনিবার (২৮ আগস্ট) মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জেলা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গ্রামে টিকা কম দেওয়ায় মৃত্যুর হার বেড়ে যাওয়ার তথ্য উল্লেখ করে মন্ত্রী বলেন, গ্রামেগঞ্জে করোনা আক্রান্তের হার বৃদ্ধি পাওয়ায় আমরা গ্রামেগঞ্জে বেশি টিকা দেওয়ার পরিকল্পনা করেছি। কারণ গ্রামের লোকরা টিকা কম পেয়েছে, মৃত্যুর সংখ্যা বেড়েছে এবং পঞ্চাশোর্ধ্ব লোকের মৃত্যু প্রায় ৯০ শতাংশ। আমরা তাদেরকে টিকা আগে দেব।
স্বাস্থ্যমন্ত্রী সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে বলেন, আগে মুরুব্বিদেরকে টিকা দিতে হবে। তাদেরকে সুরক্ষিত করতে হবে। তার পরে আমরা পর্যায়ক্রমে সবাই টিকা পাব। ইতোমধ্যে আমরা পৌনে দুই কোটি টিকা দিতে সক্ষম হয়েছি।
প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তিনি বলেছেন- যত টাকাই লাগুক দেশের প্রতিটি মানুষকে টিকা নিশ্চিত করা হবে।
করোনা প্রতিরোধে বর্তমান সরকারের সাফল্যের কথা তুলে ধরতে গিয়ে মন্ত্রী বলেন, করোনা পরীক্ষার জন্য ১টি ল্যাব দিয়ে যাত্রা শুরু করে দেশে এখন ৭৫০টি ল্যাব স্থাপন করা হয়েছে। এ ছাড়া দেশে এখন ১১০টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনেরও ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।


