পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানী ঢাকায় গণপরিবহনের বিশৃঙ্খলা এড়াতে গেলো বছরের ২৬ ডিসেম্বর চালু করা হয় ‘ঢাকা নগর পরিবহন’ নামে বিশেষায়িত বাস সেবা। ‘ফ্যাঞ্চাইজি যুগের’ সবুজ বাসগুলো ৫০টি চলে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত ২১ কিলোমিটার রুটে। এবার আরো ৩টি রুটে নামতে যাচ্ছে এই বাস।
সোমবার (৭ ফেব্রুয়ারি) নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির সভা শেষে এ তথ্য জানিয়েছেন কমিটির সভাপতি শেখ ফজলে নূর তাপস। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ডিএসসিসির এই মেয়র জানান, কেরানীগঞ্জ-কাচপুর সেতু রুটের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ঘাটারচর-আসাদগেট-ফার্মগেট-পল্টন-ভুলতা, ঘাটারচর-আসাদগেট-সায়েন্সল্যাব-শাহবাগ-পল্টন-কমলাপুর-সায়দাবাদ-মেঘনা ঘাট।
এ ছাড়া ঘাটারচর-আসাদগেট-সায়েন্সল্যাব-কাকরাইল-মতিঝিল-দয়াগঞ্জ-পোস্তগোলা-নারায়ণগঞ্জ পর্যন্ত নগর গণপরিবহনের বাস সেবা চলবে। মেয়র তাপস বলেন, প্রথমে ২১ নম্বর যাত্রাপথ, চিহ্নিত করা হয়েছে ২২, ২৩ ও ২৬ নম্বর যাত্রাপথও। এই তিন যাত্রাপথে কার্যক্রম পরিচালিত হবে।
নতুন তিন রুট কবে নাগাদ চালু হবে, তা নিয়ে আগামী সভায় সুপারিশ জমা পড়বে জানিয়ে তিনি বলেন, এসব রুটে আরো ভালো সেবা দেওয়ার জন্য কী কী পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন করতে হবে, সেটি ঠিক করতে কাজ করছেন পরামর্শকরা।
গত ১৯ ডিসেম্বর ঢাকা দক্ষিণ নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির আগের সভায় ঢাকা নগর পরিবহন চালুর দিনক্ষণ জানানো হয়। কমিটির সভাপতি শেখ ফজলে নূর তাপস এ নিয়ে বিস্তারিত জানান সেদিন। এ উদ্যোগের সঙ্গে রয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামও।


