পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আজ থেকে চালু হতে যাচ্ছে ঢাকা নগর পরিবহনের ২২ এবং ২৬ নম্বর রুট। বৃহস্পতিবার রাজধানীর বসিলা এলাকার যাত্রী ছাউনি থেকে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে নগর পরিবহনের এ নতুন রুটগুলো চালু হওয়ার কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।
জানা গেছে, ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।
গত বছরের ২৬ ডিসেম্বর ঘাটারচর থেকে কাঁচপুর রুটে দিয়ে প্রথম ঢাকা নগর পরিবহনের যাত্রা শুরু হয়। সেসময় মোট ৫০টি সবুজ রঙের বাস দিয়ে চালু হয়েছিল সেবাটি। এরই ধারাবাহিকতায় আজ ১০০টি বাসের মাধ্যমে ২২ এবং ২৬ নম্বর নতুন দুইটি রুট চালু হতে যাচ্ছে। এই ১০০টি বাসের মধ্যে নগর পরিবহনের নতুন ৫০টি বাস এবং বিআরটিসির ৫০টি বাস রয়েছে।
২২ নং রুট হলো- ঘাটারচর, ওয়াশপুর, বসিলা, বসিলা সিএনজি স্ট্যান্ড, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, টাউন হল, আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, কাকরাইল, ফকিরাপুল, মতিঝিল, টিকাটুলি, কাজলা, কোনাপাড়া এবং স্টাফ কোয়ার্টার পর্যন্ত। এছাড়া টিকাটুলি থেকে কাজলা পর্যন্ত ফ্লাইওভারের ওপর দিয়ে বাস চলাচল করবে।
২৬ নম্বর রুট হলো- ঘাটারচর, ওয়াশপুর, বসিলা, বসিলা সিএনজি স্ট্যান্ড, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, টাউন হল, আসাদগেট, সোবহানবাগ, কলাবাগান, সায়েন্সল্যাব, নিউ মার্কেট (নীলক্ষেত), আজিমপুর, পলাশী, চাঁনখারপুল, পোস্তগোলা, পাগলা (কদমতলী থানা) পর্যন্ত। এছাড়া এই রুটে চাঁনখারপুল থেকে পোস্তগোলা পর্যন্ত ফ্লাইওভারের ওপর দিয়ে বাস চলাচল করবে।


