আলায়নার জন্মদিনে সাকিব আল হাসানের আবেগী বার্তা
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সাকিব আল হাসানের মেয়ে বলে কথা। নিজের কন্যাকে কে না ভালোবাসে। তবে ব্যস্ত সাকিব তার কন্যাকে ভুলে যাওয়ার কথা নয়। দারুণ এক আবেগী স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
দেখতে দেখতে ৪ বছর পার করলো বাংলাদেশ দলের অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের একমাত্র মেয়ে আলায়না হাসান অব্রি। ২০১৫ সালের ৮ নভেম্বর সাকিব আল হাসান ও উম্মে শিশির আহমেদের কোলজুড়ে পৃথিবীতে এসেছিল ছোট্ট আলায়না।
আগের তিন জন্মদিনের চেয়ে এবারের জন্মদিনটি একটু আলাদাই হতে যাচ্ছে আলায়নার জন্য। কেননা অন্য সাধারণ সময় হলে বাবা সাকিব আল হাসান এখন থাকতেন ভারতে, জাতীয় দলের দায়িত্বে।
কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে ১ বছর ক্রিকেট থেকে দূরেই থাকতে হবে সাকিবকে। যে কারণে নিজের মেয়ের জন্মদিনের পুরোটা সময় থাকতে পারবেন পরিবারের সঙ্গে, সময় কাটাবেন মেয়ের সঙ্গে।
আলায়নার জন্মের পর বেশ কয়েকবার ভিন্ন ভিন্ন সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, তার জীবনের সবচেয়ে বড় উপহার এবং সবচেয়ে আনন্দের ঘটনাই হলো আলায়নার জন্ম হওয়া। এ কথা আরও একবার বললেন সাকিব, এবার আলায়নার চতুর্থ জন্মদিন উপলক্ষ্যে।
চতুর্থ জন্মদিন উপলক্ষ্যে আলায়নার একটি ছবি আপলোড করে সাকিব লিখেছেন, ‘আমার জীবনকে জন্মদিনের শুভেচ্ছা। তুমি আমার জীবনের সূর্যের আলো। আমার জীবনের সবচেয়ে বড় সুখের উৎস। পৃথিবীর অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি ভালোবাসি তোমাকে।
সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরও পৃথক ছবি আপলোড করেছেন কন্যা আলায়নার জন্মদিনে। যেখানে তিনি লিখেছেন, ‘পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা। আমাদের পৃথিবীতে তুমি অনেক ভালোবাসা এনে দিয়েছো। যা শব্দে বর্ণনা করা সম্ভব নয়। আমরা তোমাকে পৃথিবীর অন্য যেকোনো কিছু চেয়ে বেশি ভালোবাসি।’


