আল্লামা শফীর জানাযায় জাতীয় বেফাকের মহাসচিব মুফতী মুহাম্মদ আলী
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতীয় দ্বীনী মাদরাসা শিক্ষা বোর্ড জাতীয় বেফাকের মহাসচিব মুফতী মুহাম্মদ আলী শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহ.-এর জানাযায় অংশগ্রহণ করার জন্য চট্টগ্রামের দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারি মাদরাসায় পৌঁছেছেন।
এদিকে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর মরদেহ হাটহাজারী মাদরাসায় এসে পৌঁছেছে। দীর্ঘ ৩৪ বছর ধরে তিনি এই মাদরাসার মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় তার মরদেহবাহী গাড়িটি মাদরাসা প্রাঙ্গণে এসে পৌঁছায়। এর আগে ভোর ৪টায় রাজধানীর ফরিদাবাদ মাদরাসা থেকে তার মরদেহ বহনকারী গাড়িটি চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়।
হাটহাজারী মাদরাসায় শুরা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আল্লামা শাহ আহমদ শফীর মরদেহ জোহরের আগ পর্যন্ত হাটহাজারী মাদরাসার কনযুদ্দাকায়েক শ্রেণিকক্ষে সবার দেখার জন্য রাখা হবে।
জোহরের নামাজের পর মাদরাসা মাঠেই তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মাদরাসা ক্যাম্পাসের অভ্যন্তরে বায়তুল আতিক জামে মসজিদের সামনের কবরস্থানে মরদেহ দাফন করা হবে।
উল্লেখ্য, আল্লামা শাহ আহমদ শফী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি পাথয়কে নিশ্চিত করেছেন আল্লামা শফীর ভাগ্নে তাউহীদ ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।


