আল্লাহর দরবারে প্রার্থনা করে ফরিদপুর ইসলাহী ইজতেমায় যাত্রা
পাথেয় রিপোর্ট : বাংলাদেশ জমিয়তুল উলামা ফরিদপুর জেলা আয়োজিত ইসলাহী ইজতেমায় যোগ দিতে সংগঠনের চেয়ারম্যানের নেতৃত্বে রাজধানীর ইকরা বাংলাদেশ চত্বরে বিশেষ আলোচনা ও বিশেষ মোনাজাতের পর ফরিদপুর যাত্রা করেছে কাফেলা। বিকাল থেকেই ইজতেমার আনুষ্ঠানিক কাজ শুরু হবে। সন্ধ্যার পর ভাঙ্গা উপজেলার দারুল উলূম মাদানীনগর মাদরাসায় বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, সাইয়্যিদ মাওলানা আসআদ মাদানী রহ.-এর খলীফা, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ আম বয়ান পেশ করবেন।
এর আগে সকালে ইকরায় আল্লামা মাসঊদ বলেন, এক হও নেক হও- এটি একটি চিরন্তন স্লোগান। এ আহ্বান যত বেশি আমরা ছড়িয়ে পারবো ততই সমাজ সুন্দর হবে। দেশকে দুর্নীতিমুক্ত করতে, অশুভ সব কাজের মোকাবেলায় আল্লাহর পথে বেরিয়ে যাওয়া সবচেয়ে বড় জিহাদ। মানুষকে আল্লাহর দিকে ডাকার মতো বড় আমল আর কি আছে? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর পথে কবূল করুন।
ফরিদপুর যাত্রার আগে রোববার সকালে রাজধানীর ইকরা চত্বরে মোনাজাত পূর্ব আলোচনায় তিনি এসব কথা বলেন।
এদিকে দারুল উলূম মাদানীনগর মাদরাসা ভাঙ্গার মুহতামিম ও ইসলাহী ইজতেমা আয়োজন কমিটির প্রধান মাওলানা আহমাদ মাসরুর আহমদ পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০ অক্টোবর রোববার থেকেই শুরু হচ্ছে ফরিদপুর ভাঙ্গায় তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা। এই ইজতেমায় দেশের শীর্ষ আলেম উলামাসহ বরেণ্য অসংখ্য আলেম উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ।
এদিকে বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আবদুর রহিম কাসেমী পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বে আমরা ফরিদপুৃর যাচ্ছি। ইনশাআল্লাহ সেখানে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা হবে। এ অনুষ্ঠান আমরা সারা দেশেই করতে চাই। সে তালিকাও প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে আমরা খুলনা, নোয়াখালী, ফেনী ও ময়মনসিংহে করেছি। ফরিদপুর ভাঙ্গায় আপনারা আসুন। আমরা কিছুটা সময় আত্মশুদ্ধির জন্য কাটাই।
কী কী থাকছে এই আয়োজনে জানতে চাইলে মাওলানা আহমাদ মাসরুর জানান, বাদ ফজর সূরায়ে ইয়াসিন ও ৬ তাসবীহের আমল, ইশরাক, নয়টা থেকে দশটা পর্যন্ত তালীম, দশটা থেকে বারটা পর্যন্ত শিক্ষা বিষয়ক পরামর্শ। বাদ জোহর খতমে খাজেগান, তারপর আম বয়ান, সুধি সম্মেলন, বাদ মাগরিব সূরায়ে ওয়াকিয়া পাঠ, ৬ তাসবীহের আমল, ইসলাহী বয়ান ও বাইয়াত, উলামা মাশায়েখ সম্মেলন, বাদ ইশা দরূদ ও সালাম, আম বয়ান ও প্রশ্নোত্তর পর্ব।
রাত তিনটায় তাহাজ্জুদের আমল, ১২ তাসবীহের আমলসহ আরও অসংখ্য আমল দিয়ে সাজানো হয়েছে এই তিনদিনের ইসলাহী ইজতেমার আয়োজন।


