পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অধিবেশনে কান্নাজড়িত কণ্ঠে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার কথা জানিয়ে সবার হৃদয়ে স্থান করে নেন ফিলিস্তিন বংশোদ্ভূত মেশিগানের কংগ্রেস প্রতিনিধি রাশিদা তালিব। এবার নিজের ফেসবুক একাউন্টে মসজিদে আকসা প্রাঙ্গণে দাদির সঙ্গে তোলা ছবি প্রকাশ করে পুনরায় ফিলিস্তিনিদের পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন।
রবিবার (২৩ মে) ফেসবুকের নিজস্ব একাউন্টে ১৮ বছর বয়সে দাদির সঙ্গে মসজিদে আকসায় গিয়ে একটি ছবি তুলেন কংগ্রেস প্রতিনিধি রাশিদা তালিব। আল আকসায় কাটানো ওই সময়কে তাঁর জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত বলে জানান।
রাশিদা তালিব বলেন, ‘মসজিদে আকাসায় মুসল্লিদের নামাজ আদায়ের দৃশ্য স্মরণ হয়। তা আমার কাছে জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত বলে মনে হয়। কিন্তু পবিত্র রমজান মাসে মানুষের ওপর হামলার দৃশ্য দেখে খুবই মর্মাহত হয়ে কান্না করি।’
তিনি আরো জানান, ‘আমি কখনো কল্পনাও করিনি, ২৬ বছর পর আমি আমেরিকার একজন কংগ্রেস প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করব। আর ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়ে যাব। যেন নির্যাতন ও নিপীড়নে বাস করা আমার দাদী ও অন্যরা সবাই স্বাধীন হোন। যেন তাঁরা মর্যাদাপূর্ণ মানবিক জীবন যাপনের সুযোগ পান।’
ফেসবুক পোস্টের শেষে তালিব আরো লিখেন, ‘তাঁরা আমাদের সমাধি স্থাপন করতে চায়। কিন্তু তাঁরা জানে না যে আমরা নতুন বৃক্ষের বীজ হয়ে জন্মেছি।’
ফেসবুকের পোস্টে রাশিদা তালিব মিশিগানের ডেট্রয়টে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের ছবিও প্রকাশ করেন। ওই সময় তিনি বাইডেনের সঙ্গে জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা উপত্যাকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি দখলদার সেনাদের বর্বর হামলার কথা তুলে ধরেন।
সূত্র : আল জাজিরা


