পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাদুঘর থেকে মসজিদে রূপান্তর করার পর ১৫ লাখ মানুষ তুরস্কের আয়া সোফিয়া পরিদর্শন করেছে। গত জুলাই মাসে ৮৬ বছর পর আয়া সোফিয়া আবার মসজিদ রূপে ফিরে আসে এবং ২৪ জুলাই প্রথম নামাজ অনুষ্ঠিত হয়। ইস্তাম্বুলের মুফতি মাহমুদ আমিন আনাদোলু এজেন্সিকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সপ্তাহের কর্মদিবসে প্রায় ১৫ হাজার এবং সাপ্তাহিক ছুটির দিনে ২৫-৩০ হাজার দর্শনার্থী আয়া সোফিয়ায় আসে। করোনা মহামারির মধ্যে প্রতিদিন হাজার হাজার তুর্কি ও বিদেশি নাগরিক আয়া সোফিয়া পরিদর্শন করে।’
মুসলিমরা ইস্তাম্বুল বিজয়ের আগে আয়া সোফিয়া ৯১৬ বছর গির্জা হিসেবে ব্যবহৃত হতো। এরপর ১৪৫৩ থেকে ১৯৩৪—প্রায় পাঁচ শ বছর তা মসজিদ হিসেবে ব্যবহৃত হয়। ১৯৩৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ৮৬ বছর আয়া সোফিয়াকে জাদুঘর করে রাখা হয়। ইউনেসকো ১৯৮৫ সালে তা বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে।
সূত্র : আনাদোলু এজেন্সি


