পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করছে ইরান। যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের রেকর্ড হতে যাচ্ছে।
বুধবার (১৪ এপ্রিল) থেকে এই মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধির কথা জানান দেশটির শীর্ষ পরমাণু আলোচক এবং উপপররাষ্ট্রমন্ত্রী সায়িদ আব্বাস আরাকচি।
মঙ্গলবার (১৩ এপ্রিল) ইরানের প্রেস টিভিকে তিনি জানান, ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিকল্পনার বিষয়টি তার দেশ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’কে জানিয়েছে। আব্বাস আরাকচি বলেন, নাতাঞ্জ পরমাণু স্থাপনায় অন্তর্ঘাতমূলক তৎপরতার কারণে ক্ষতিগ্রস্ত সেন্ট্রিফিউজগুলো পরিবর্তন করার পাশাপাশি ইরান বাড়তি আরও এক হাজার সেন্ট্রিফিউজ বসাবে। সেগুলো শতকরা ৫০ ভাগ বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম।
ইরান মনে করে, তেহরানের ওপর থেকে সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই যুক্তরাষ্ট্র কেবল পরমাণু সমঝোতায় ফিরে আসতে পারে।
এর আগে গত ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতা আলী হোসেইনি খামেনি বলেন, দেশের প্রয়োজনে পরমাণু সক্ষমতা অর্জনের বিষয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এ কারণে আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ২০ শতাংশে সীমাবদ্ধ থাকবে না বরং যত মাত্রা প্রয়োজন হবে তত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা হবে। উদাহরণস্বরূপ পামাণবিক প্রযুক্তি বা অন্য কোনো কাজে আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা শতকরা ৬০ শতাংশ পর্যন্ত উন্নীত হতে পারে।
খামেনি সে সময় দাবি করেন, এর অর্থ এই নয় যে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়। ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলোও এটা জানে। কিন্তু ইরানের ওপর বলপ্রয়োগ করতে এটাকে অজুহাত হিসেবে ব্যবহার করতে চায় তারা।
উল্লেখ্য, পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ৯০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে হয়। ইউরেনিয়াম ৬০ শতাংশ হারে সমৃদ্ধকরণ করতে পারলে ইরান সন্দেহাতীত ভাবে ব্যাপক বিধ্বংসী এই অস্ত্রটি অর্জনের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে।


