ইমরানের খানের প্রশংসা করলেন তারিক জামিল

ইমরানের খানের প্রশংসা করলেন তারিক জামিল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও ধর্মপ্রচারক মাওলানা তারিক জামিল গতকাল বৃহস্পতিবার (৬ জানুয়ারি) প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে দেখা করেছেন। এ সময় যুবকদের চরিত্র গঠনে প্রধানমন্ত্রীর নেয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেছেন তিনি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, প্রধানমন্ত্রী ইমরান খান ও তাবলিগের মুরব্বী হিসেবে পরিচিত মাওলানা তারিক জামিল ‘রাহমাতুল্লিল আলামীন’ কর্তৃপক্ষ ও ‘রিয়াসাত-ই-মদীনা’র মৌলিক মূল্যবোধ এবং যুবকদের জীবন গঠনে এই পদক্ষেপগুলোর ভূমিকা নিয়ে আলোচনা করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আমরা জাতি হিসেবে তখনই উন্নতি করতে পারব যখন আমরা নবী মুহাম্মদ (সা.)-এর শিক্ষা অনুসরণ করব এবং সেই মতো চলব। এ সময় মাওলানা তারিক রিয়াসাত-ই-মদিনার কল্যাণমূলক মডেল বাস্তবায়নে প্রধানমন্ত্রীর প্রচেষ্টার প্রশংসা করেন। নবীজির শিক্ষার আলোকে তরুণদের চরিত্র গঠনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সম্প্রতি পাকিস্তানে জাতীয় রাহমাতুল-লিল-আলামীন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বিশ্বের মুসলিম আলেমদের অংশগ্রহণে ‘রিয়াসাত-ই-মদীনা, ইসলাম, সমাজ ও নৈতিক পুনরুজ্জীবন’ বিষয়ে এক সংলাপ অনুষ্ঠিত হয়। ওই সংলাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার ভাষণে বলেন, সমাজকে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে এটিকে একেবারে অগ্রহণযোগ্য করে তুলতে হবে।

ওই সংলাপে মুসলিম চিন্তাবিদরা বিশ্বায়ন এবং ইন্টারনেটে অপ্রতিরোধ্য আগ্রাসনের কারণে সৃষ্ট সমস্যাগুলো থেকে মুসলিম তরুণদের রক্ষায় যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেন।

গত বছরের অক্টোবরে পাক প্রধানমন্ত্রী ইমরান খান পাঠ্যপুস্তক নিরীক্ষণের জন্য রাহমাতুল-লিল-আলামিন কর্তৃপক্ষ গঠন করেন। পরে তিনি ঘোষণা দেন, এই কর্তৃপক্ষ সমাজ বিনির্মাণে কাজ করে যাবে এবং একজন মুসলিম আলেম এর নেতৃত্বে থাকবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *