ইরানের পরমাণু বিজ্ঞানী হত্যা; নিন্দা জানাল তুরস্ক

ইরানের পরমাণু বিজ্ঞানী হত্যা; নিন্দা জানাল তুরস্ক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সন্ত্রাসী হামলায় ইরানের শীর্ষ স্থানীয় পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে গুপ্ত হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। ঘৃণ্য এই অপরাধের পেছনে যারাই থাকুক তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে দেশটি।

শনিবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানি পরমাণুবিজ্ঞানী হত্যার নিন্দা জানিয়েছে বলে আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, তেহরানে ইরানের বিজ্ঞানী সশস্ত্র হামলায় নিহত হওয়ার ঘটনায় আমরা গভীর ভাবে দুঃখিত। এই ঘৃণ্য কাজের আমরা কঠোর নিন্দা জানাই এবং ইরানের সরকার ও নিহত বিজ্ঞানীর পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আমরা আশা করি যারাই এই ঘৃণ্য অপরাধের পেছনে থাকুক না কেন তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। আমরা সব পক্ষকে ধৈর্যধারণের আহবান জানাবো যাতে এ অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে না পড়ে।

ইরানের রাজধানী তেহরানের কাছে শুক্রবার প্রথিতযশা বিজ্ঞানী ও গবেষক মোহসেন ফাখরিজাদেহ সন্ত্রাসী হামলায় খুন হন।

নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলেছে, এ হত্যাকাণ্ডে ইসরাইলের গোয়েন্দারা জড়িত।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ প্রথম থেকেই এ হত্যাকাণ্ডের সঙ্গে ইসরাইল জড়িত বলে জোরালো দাবি করে আসছেন।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নকে দ্বিমুখী নীতি পরিহার করে বর্বর এ হত্যাকাণ্ডের নিন্দা জানানোর আহ্বান জানান।

উল্লেখ্য, ২০১০-১২ পর্যন্ত ইরানের চারজন পরমাণু বিজ্ঞানী গুপ্ত হত্যার শিকার হন। ইরান সবসময় ইসরায়েল কে এই হত্যার জন্য দায়ী করে আসলেও অস্বীকার করেছে কট্টর ইহুদিবাদী দেশটি।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *