ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বলিভিয়া

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বলিভিয়া

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার কারণে বলিভিয়া দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে।

মঙ্গলবার বলিভিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ফ্রেডি মামানি ইসরায়েলের সমালোচনা করে সাংবাদিকদেবলেন, গাজায় দেশটি (ইসরায়েল) আক্রমণাত্মক ও অসামঞ্জস্যপূর্ণ আচরণ করছে। গাজায় মানবতার বিরুদ্ধে অপরাধ করছে ইসরায়েল। এটা গ্রহণযোগ্য হতে পারে না।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাস। এতে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হন। সেদিন থেকেই গাজায় নির্বিচার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তিন সপ্তাহের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় ৮ হাজার ৫২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।

মূলত গাজার মানুষের ওপর ইসরায়েলের এ বর্বরোচিত আচরণের প্রতিবাদ হিসেবে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে বলিভিয়া। লাতিন আমেরিকার প্রথম দেশ হিসেবে বলিভিয়া এ উদ্যোগ নিয়েছে। ২০১৯ সালে দেশ দুটির কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছিল।

বলিভিয়া সরকার গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে গাজাবাসীর জন্য সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে দেশটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *