পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফিলিস্তিনে ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণে ইসরায়েলকে সমর্থন দেওয়া দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
গতকাল রবিবার এক টুইটবার্তায় সমর্থনকারী দেশগুলোর পতাকার ইমোজি উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
গত সপ্তাহে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় রবিবার (১৬ মে) পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৮ জনে। এর মধ্যে ৫৫ শিশু ও ৩৩ নারী রয়েছেন। আহত হয়েছে এক হাজার ২৩০ জনের বেশি। ইসরায়েলের দাবি নিহতদের মধ্যে বহু ‘সন্ত্রাসী’ রয়েছে।
ইসরায়েলকে সমর্থন করা দেশগুলোর পতাকা শেয়ার করে টুইট বার্তায় নেতানিয়াহু লিখেন, ‘ইসরায়েলের পাশে জোরালোভাবে দাঁড়ানোয় এবং সন্ত্রাসী হামলার বিরুদ্ধে আমাদের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করায় আপনাদের প্রতি কৃতজ্ঞ।’
এসব দেশের তালিকায় নেই সার্কভুক্ত কোন দেশের নাম। দক্ষিণ এশীয় দেশগুলোর মাঝে বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনের পক্ষ নিয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান ঘোষণা করেছে।
আরও পড়ুন: ফিলিস্তিনে একটি মেডিক্যাল টিম প্রেরণ করুনঃ বাংলাদেশ জমিয়তুল উলামা
নেতানিয়াহুর কৃতজ্ঞতা জানানো দেশগুলো হলো, যুক্তরাষ্ট্র, আলবেনিয়া, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভেনিয়া, ব্রাজিল, বুলগেরিয়া, কানাডা, কলম্বিয়া, সাইপ্রাস, চেক রিপাবলিক, জর্জিয়া, জার্মানি, গুয়েতেমালা, হন্ডুরাস, হাঙ্গেরি, ইতালি, লিথুনিয়া, মালদোভা, নেদারল্যান্ডস, মেসিডোনিয়া, প্যারাগুয়ে, স্লোভেনিয়া, ইউক্রেন এবং উরুগুয়ে।


