ইসলামি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিককে মারধর ছাত্রলীগকর্মী বহিষ্কার

ইসলামি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিককে মারধর ছাত্রলীগকর্মী বহিষ্কার

কুষ্টিয়া প্রতিনিধি ● কুষ্টিয়ায় ইসলামি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি দৈনিক দ্য ইনডিপেনডেন্টের প্রতিনিধি শাহ আলমকে মারধর করেছেন ছাত্রলীগের কর্মীরা। এ ঘটনায় ইবি শাখা ছাত্রলীগের এক কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত শুক্রবার রাতে ইবির কাছে শেখপাড়া বাজার এলাকায় ওই সাংবাদিককে মারধর করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে শাহ আলম ব্যক্তিগত কাজে শেখপাড়া বাজারে যান। এ সময় ইবি শাখা ছাত্রলীগের কর্মী মিঠু কবির ও তাঁর বন্ধু রুবেল হোসেন তাঁকে একা পেয়ে বেধড়ক পিটিয়ে পালিয়ে যান। এ বিষয়ে জানতে চাইলে শাহ আলম বলেন, গত শুক্রবার রাতে আমি ব্যক্তিগত কাজে একা শেখপাড়া বাজারে যাই। এ সময় ছাত্রলীগকর্মী মিঠু ও তাঁর বন্ধু রুবেল আমাকে একা দেখতে পায় এবং আমাকে আকস্মিকভাবে মারধর করে।

পূর্ব শত্রুতা থেকে তারা আমার ওপর হামলা করেছে। ঘটনার পর গত শুক্রবার রাত ১১টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম দলীয় কর্মী মিঠু কবিরকে শৃঙ্খলাভঙ্গের দায়ে সাময়িকভাবে বহিষ্কার করেন। এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। অনৈতিক কর্মকা-ে লিপ্তদের ছাত্রলীগে কোনো স্থান নেই। এ ঘটনায় আমরা মিঠুকে সাময়িক বহিষ্কার করলাম। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ইবি সাংবাদিক সমিতি ও ইবি প্রেসক্লাব। সংগঠন দুটি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *