ইসলামের বিরুদ্ধে কোনও কথা বলিনি, বলতে পারিনা : তথ্য প্রতিমন্ত্রী মুরাদ

ইসলামের বিরুদ্ধে কোনও কথা বলিনি, বলতে পারিনা : তথ্য প্রতিমন্ত্রী মুরাদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসলামের বিপক্ষে যায় এমন কোনও কথা বলেননি দাবি করে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, আমি ইসলামের বিরুদ্ধে যায় এমন ধরনের কোনও কথা বলিনি। আমি এসব কথা বলতে পারি না।

তিনি বলেন, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান তালুকদার মুসলমান। তিনি তার জীবনে অসংখ্য মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করেছেন। কিন্তু অন্য ধর্মের বিরুদ্ধে কথা বলেননি।

শনিবার (৬ নভেম্বর) বিকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার ওলামায়েকেরাম ও ইমামদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঙালী জাতির পিতা আখ্যা দিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম (আ.); এতে কোনও সন্দেহ নেই। তবে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যারা ধর্ম নিয়ে বাণিজ্য করে, রাজনীতি করে এবং স্বাধীনতাবিরোধী তাদেরই গায়ে আমার কথা লেগেছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বার হত্যাচেষ্টা করা হয়েছে। আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে গেছেন। ২১ আগস্ট সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা করা হয়েছে। মানব ঢাল তৈরি করে তাকে বাঁচানো গেলেও অসংখ্য নেতাকর্মী আহত ও নিহত হয়েছেন।

জিয়াউর রহমান রাজাকারদের মন্ত্রী বানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের দালাল। তিনি নিজেও রাজাকার ও আলবদরদের মন্ত্রী বানিয়েছেন।

সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ লতিফ, সহ-সভাপতি শাহাজাদা, জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা ভূমি কর্মকর্তা নাহাত, উপজেলা ইমাম সমিতির সভাপতি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *