উখিয়ায় ১৮৪ জন রোহিঙ্গা ও ৬ দালাল আটক

উখিয়ায় ১৮৪ জন রোহিঙ্গা ও ৬ দালাল আটক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কক্সবাজারে উখিয়া থানা পুলিশ সোমবার পৃথক অভিযান চালিয়ে ১৮৪ রোহিঙ্গা ও ৬ জন মানব পাচারকারী দালালকে আটক করেছে। আটক রোহিঙ্গারা দেশের নানা স্থানসহ বিদেশে পাড়ি জমানোর উদ্দেশ্যে দলে দলে শিবির ছেড়ে যাচ্ছিল।

শিবির থেকে রোহিঙ্গারা একদম ফ্রি স্টাইলে বেরিয়ে গাড়িতে উঠার জন্য উখিয়া বাসস্টেশনে জড়ো হওয়ার খবর পেয়ে উখিয়া থানা পুলিশ কয়েক দফা অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক রোহিঙ্গাদের পুনরায় শিবিরে পৌঁছে দেওয়া হয়েছে। আটক ৬ দালালকে পুলিশ জিজ্ঞেসাবাদ করছে।

জানা গেছে, উখিয়া ক্যাম্প প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত শত শত রোহিঙ্গা কৌশলে বের হয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে যাচ্ছে। যার ধারাবাহিকতায় সোমবার একইভাবে কক্সবাজার ও চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার প্রাক্কালে উখিয়া স্টেশনে অভিযান চালিয়ে ১৩৬ জন রোহিঙ্গাকে আটক করে ট্রানজিট ক্যাম্পে স্থানান্তর করেছে উখিয়া থানার পুলিশ।

২০১৭ সালের আগস্টের পর থেকে রোহিঙ্গা নিয়ন্ত্রণে কক্সবাজার-টেকনাফ সড়কে ৪টি চেকপোস্টে সেনাবাহিনী দায়িত্ব পালন করে আসছিল। কিন্তু সম্প্রতি চেকপোস্টগুলো উঠে যাওয়ায় রোহিঙ্গারা নির্ভয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে পড়ছে।

উখিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরওয়ার আলম শাহীন বলেন, কক্সবাজার-টেকনাফ সড়কের সেনাবাহিনীর চেকপোস্টগুলো উঠে যাওয়ায় রোহিঙ্গারা সর্বত্রে ছড়িয়ে পড়ছে। একইভাবে জেলা জুড়ে বেড়েছে অপরাধ কর্মকাণ্ড। সোমবার ক্যাম্প হতে বের হয়ে অন্যত্রে চলে যাওয়ার সময় পুলিশ অভিযান চালিয়ে ১৩৬ জন রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়েছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সঞ্জুর মোরশেদ বলেন, উখিয়া স্টেশনের আশেপাশে অভিযান চালিয়ে ১৩৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়। ওদিকে উখিয়া ভূমি অফিস সংলগ্ন এলাকা থেকে সন্ধ্যায় পাচারকারীদের কবল থেকে আরো ৪৮ রোহিঙ্গা নারী শিশুকে উদ্ধারসহ আটক করা হয়েছে ৬ জন পাচারকারীকে।

উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, কক্সবাজার-টেকনাফ সড়কে সেনাবাহিনী চেকপোস্টগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিন হাজার হাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে সারা দেশে ছড়িয়ে যাচ্ছে। এছাড়াও অনেক রোহিঙ্গা নারী-পুরুষ সাগর পথে মালয়েশিয়া চলে যাচ্ছে। দ্রুত চেকপোস্টগুলো চালু করা না হলে সারা দেশে রোহিঙ্গারা ছড়িয়ে পড়বে।

উল্লেখ্য, গত ২১ মার্চ কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ১০০ রোহিঙ্গাকে আটক করে পুলিশ। এর চার দিন পর গত ২৫ মার্চ টেকনাফের বাহারছড়া উপকূল থেকে ৫৪ জন রোহিঙ্গা নারী-পুরুষ শিশুকে আটক করা হয়। তারা ক্যাম্প থেকে বের হয়ে সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশকে স্বীকারোক্তি দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *