‘একজোট হলে মুসলমান দেশ ছাড়তে বাধ্য বিজেপি’
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের লোকসভা নির্বাচনের প্রচার প্রচারণা যত বাড়ছে ততই কথার লড়াই জমে উঠছে। সেই লড়াইয়ে এবার নাম লেখালেন কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু। বরাবরই তিনি নানা বিতর্কিত বক্তব্য দিয়ে তুঘলকি কান্ড ঘটান। এবার লোকসভা ভোটের সময়ও তাঁর বক্তব্যে তোলপাড়।
ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) পরাস্ত করতে মুসলিমদের আহ্বান জানান সিধু। বিহারের বলরামপুরে একটি জনসভায় বক্তব্য দিতে গিয়ে সিধু বলেন, ‘মুসলিমরা একজোট হলে বিজেপি পালিয়ে যাবে। মুসলিমরা কংগ্রেসে ভোট দিলে বিশ্বের কোনও শক্তি তাদের হারাতে পারবে না’
সিধু মুসলিমদের প্রতি আহবান জানিয়ে বলেন, ‘সমস্ত মুসলিম একজোট হোন। বিজেপিকে একটি ভোটও নয়। ভোট দিন কংগ্রেসকে। তাহলেই বিজেপিকে বিদায় ঘণ্টা বেজে যাবে। তারা দেশ ছেড়েই পালাবে। মুসলিমরা একজোট হলে কংগ্রেসকে হারাতে পারবে না বিজেপি।’
সিধু জোর দিতে গিয়ে বলেন, এখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। শতকরা ৬২ শতাংশ মুসলিম ভোটার। তাহলে ভাবনা কেন। আপনারা সবাই এক হলেই বিজেপির হার কে আটকায়। বিশ্বের কোনও শক্তিও বিজেপিকে জেতাতে পারবে না। তাই আপনারা এক হন, বিজেপি্কে বিদায় দিন’।
তবে এর আগে উত্তরপ্রদেশের দেওবন্দ গিয়ে এমনই এক মন্তব্য করে বিএসপি নেত্রী মায়াবতী। তিনিও মুসলিমদের একত্রিত হতে বলেন বিজেপির বিরুদ্ধে।সে সময় তার বক্তব্যের জেরে বিতর্কের সৃষ্টি হয়েছিল, নতুন করে সিধুর বক্তব্যে সেই বিতর্ক ঝড়ে রূপ নিল।
উল্লেখ্য, সিধু কংগ্রেসের তারকা প্রচারকদের মধ্যে অন্যতম, তাঁর এমন মন্তব্যে কংগ্রেসও বিব্রত।


