তোমরা ঘুমিয়ে পড়বে না তো?
মুস্তাফা জামান আব্বাসী
আতিশখানা চেনেন? আসটাঘর ময়দান?
ঢাকার কবরস্থানগুলো ঘুরে আসুন
যদি ঢাকা চিনতে চান
আমি একদিন গিয়েছিলাম নবাব আবদুল গনির সঙ্গে
শুধু তাই নয় তিনি আমাকে ঘোড়াগুলো চেনালেন একটা একটা করে
নাম ছিল তাদের ‘দরিয়াবাজ’ ও ‘শাহানশাহ’
আজকের হাড় ঝিরঝিরে ঘোড়াগুলো অতীত
আলিমুল্লাকে চেনেন?
আহসান মঞ্জিলের প্রতিষ্ঠাতা
কেউ তাকে চেনে না
আমি চিনলাম, সে এখন প্রধান দারোয়ান
এও কি বিশ্বাস হয়?
হয় যদি ইতিহাসকে নতুন চোখে দেখেন
আলিমুল্লাহর বাসায় একদিন আমি খেতে গিয়েছিলাম
এত খাবার আমি জীবনে খাই নি
আমার মোবাইলে তার বিখ্যাত হীরা ‘দরিয়ায় নূর’
এখনও বিস্ময়ের উদ্রেক করে
ইংল্যান্ডের রাণী এটি পছন্দ করে নিয়ে যান
আর ফেরত পাওয়া যায় নি
কুঠিয়ালদের বাড়ি আহসান মঞ্জিল যে এত সুন্দর হবে
কে ভেবেছিল?
মীর আবু সাইদ এসেছিলেন তুরস্ক থেকে ভাগ্যান্নসনে
তিনি কিনে নেন আগা নকির দেউরি পুরোটাই
তার তিনটি বাগান
কেউ দেখেছেন কি? আমি দেখেছি
দিলকুশা, শাহবাগ আর বেগুনবাড়ি
এমন সুন্দর বাগান আর কেউ দেখে নি কখনও
নাচঘর থেকে এখনও নুপুরের শব্দ পাওয়া যায় রাত দু’টোর পর
দুধের রঙের দেয়াল, গোলাপী রঙের মসলিন
রূপোর গ্লাস আতরদান আমি সব দেখেছি
আর স্বপ্নে সেগুলো খেলা করে
আমি তখন সে বাগানের মালি ছিলাম
আমার ছিল সুন্দর লাল নীল টুপি
সাক্ষাৎ নবাবের মালি
নব বৈশাখে অনেকগুলো ছেলেমেয়ে আমাকে বলল
দাদু, তুমি কি কোন পুরনো খবর এই মঞ্জিলের
আমরা শুনব
আমি বললাম, হ্যাঁ আমি সব জানি সব গল্প জানি
শুনবে সোনামণিরা
রাত দু’টোয় বসবে সে গল্পের মজলিশ
তোমরা ঘুমিয়ে পড়বে না তো?
মু. জা. আ.
৪ঠা বৈশাখ, ১৪২৬


