পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারাদেশে একদিনে আরও ১৯৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৮৯ জনই রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে গতকাল ১৪ আগস্ট ২৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
আজ রবিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১০০ জনে।
ওই ৬ হাজার ১০০ জনের মধ্যে শুধু চলতি আগস্টে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৪২ জন। এর আগে, জুলাই মাসে ২ হাজার ২৮৬ জন, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। বর্তমানে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৯৬০ জন এবং রাজধানীর বাইরে ৮৯ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।


