এক মাসেই করোনা নিয়ন্ত্রণ সম্ভব : ডব্লিউএইচও প্রধান

এক মাসেই করোনা নিয়ন্ত্রণ সম্ভব : ডব্লিউএইচও প্রধান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী এক মাসের মধ্যে বিশ্বজুড়ে মহামারি নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস। সোমবার (১৯ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে নিজের এই ধারণা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহাপরিচালক বলেন, করোনাভাইরাস মোকাবিলায় যেসব উপকরণ এই মুহূর্তে মানুষের হাতে রয়েছে, তাতে আগামী এক মাসের মধ্যে বিশ্বজুড়ে মহামারি নিয়ন্ত্রণ করা সম্ভব।

করোনায় বিশ্বজুড়ে উচ্চ মৃত্যুহারে শঙ্কা প্রকাশ করে ডব্লিউিএইচও প্রধান বলেন, ‘করোনায় মৃত্যুর সংখ্যা ১০ লাখে পৌঁছাতে সময় লেগেছিল ৯ মাস। তারপর এই সংখ্যা ২০ লাখে পৌঁছাতে সময় লেগেছে ৪ মাস এবং তারপরের ৩ মাসে করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩০ লাখে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভ জানান, গত এক সপ্তাহে বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৫২ লাখ মানুষ; গতবছর মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত এক সপ্তাহে সংক্রমণের হিসেবে এটি সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

কেরখোভ বলেন, ‘সম্প্রতি করোনা সংক্রমণচিত্রে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। গত বছর যখন মহামারি শুরু হলো, দেখা গেছে ৫০ বছর বা তার অধিক বয়সী মানুষ বেশি ঝুঁকিতে ছিলেন। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে, ২০-২৫ বছর বয়সী তরুণীরাও উল্লেখযোগ্য হারে আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসে।’

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরের সি ফুড মার্কেটে প্রথম শনাক্ত হয় প্রাণঘাতী সংক্রামক ভাইরাস সার্স-কোভ-২। যা পরে বিশ্বজুড়ে পরিচিতি পায় করোনাভাইরাস নামে। উহান শহরের প্রথম যে ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়ে যখন মারা মারা যান, চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় তখন বলেছিল— অপরিচিত ধরনের নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।

তারপর ২০২০ সালের জানুয়ারি থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া শুরু করে সার্স-কোভ-২ ভাইরাসটি। এক পর্যায়ে সে বছর ফেব্রুয়ারিতে করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করতে বাধ্য হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্বজুড়ে এ রোগে আক্রান্ত, মৃত্যু সেরে ওঠা রোগীদের হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট করোনাভাইরাস ওয়ার্ল্ডোমিটার বলছে, মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে এ রোগে আক্রান্ত হয়েছেন মোট ১৪ কোটি ২৭ লাখ ২৩ হাজার ৯১৮ জন এবং করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ৩০ লাখ ৪৩ হাজার ৫৯১ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *