মসজিদ পরিণত হলো করোনা হাসপাতালে

মসজিদ পরিণত হলো করোনা হাসপাতালে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাস মহামারিতে ভারতের অবস্থা যেন বেশিই খারাপ। দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় দেশটির বেশ কয়েকটি রাজ্যের পরিস্থিতি ইতোমধ্যেই লাগামছাড়া হয়েছে। হাসপাতাল, নার্সিংহোমগুলোতে শয্যা আর খালি নেই। একই শয্যায় দু’জন রোগীর শুয়ে থাকার দৃশ্য দেখা গেছে।

করোনা মোকাবেলায় এগিয়ে এসেছে দেশটির বেশ কিছু ধর্মীয় স্থাপনা। এই যেমন গুজরাট রাজ্যের বারোদা শহরের একটি মসজিদকে কোভিড হাসপাতালে পরিণত করেছে সংশ্লিষ্ট মসজিদ কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চলমান রমজান মাসে মানবতার উৎকৃষ্ট উদাহরণ রাখা ওই মসজিদটি বারোদা শহরের জাহাঙ্গীরপুরায় অবস্থিত। মসজিদ কমিটি নামাজ পড়ার স্থানকে ৫০ বেডের হাসপাতালে পরিণত করেছে।

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘হাসপাতালে শয্যা নেই। অক্সিজেনও পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি খুব খারাপ। তাই আমরা আমাদের মসজিদকে হাসপাতালে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি।’

গুজরাট রাজ্যের করোনা পরিস্থিতি খুবই খারাপ। হাসপাতালগুলোতে দেখা দিয়েছে বেডের সংকট। সম্প্রতি রাজকোটের হাসপাতালের বাইরে রোগী নিয়ে অপেক্ষমান অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকার চিত্র দেখা গেছে।

তার কিছুদিন আগে এমনই দৃশ্য দেখা গিয়েছিল আহমেদাবাদের একটি হাসপাতালে। সেখানে দেখা যায়, যেখানে করোনা রোগী নিয়ে হাসপাতালের বাইরে একের পরের এক অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *